বিছনাকান্দিতে নৌকাডুবি, পর্যটকের মৃত্যু
সিলেটের বিছনাকান্দিতে নৌকা ডুবে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শুক্রবার এ দুর্ঘটনায় মৃত সাজেদুল হক (২৬) লংকা বাংলা সিকিউরিটিজের কর্মকর্তা ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সম্প্রতি চাকরিতে যুক্ত হন বলে তার সঙ্গীরা জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোয়াইনঘাট থানার ওসি আবদুল হাই জানান, দুপুর দেড়টার দিকে পিয়াইন নদীর একটি শাখা হয়ে বিছনাকান্দি যাওয়ার জন্য ছয় বন্ধুসহ সাজেদুল গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় থেকে নৌকায় ওঠেন।
বিছনাকান্দি কোয়ারি এলাকায় পৌঁছলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার অপর যাত্রীরা সাঁতরে কূলে উঠতে পারলেও সাজেদুল নিখোঁজ হন।
বিকাল স্থানীয়রা কোয়ারি এলাকার জিরো পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করেন বলে ওসি জানান।
বিছনাকান্দি এলাকার পাথর ব্যবসায়ী জয়নাল আবেদীন ঘটনাস্থল থেকে জানান, স্থানীয় লোকজন কোয়ারিতে নেমে বিকাল ৪টা ২৪ মিনিটের সময় সাজেদুলের লাশ উদ্ধার করেন। কোয়ারি এলাকার জিরো পয়েন্ট থেকে ২০০ গজ দক্ষিণে তার মৃতদেহ পাওয়া যায়।
সাজেদুলের বন্ধু মতিউর রহমান ঘটনাস্থল থেকে জানান, নৌকায় তারা ছয় বন্ধু ছিলেন। নৌকাডুবির পর বাকিরা তীরে ওঠতে পারলেও সাজেদুল তলিয়ে যান।
