সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু নিহত
খুলনায় সুন্দরবনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত হয়েছেন।
পুলিশ বলছে, নিহত মোক্তারুল ঢালী ওরফে মোক্তার নিজ নামে বাহিনী করে বনে দস্যুতা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে চারটি হত্যা ও একটি অস্ত্র মামলা রয়েছে।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি ত ম রোকনুজ্জামান জানান, বৃহস্পতিবার গভীর রাতে কয়রা উপজেলায় ঝপঝপিয়া নদীর ভূতুম্মারীর চর এলাকায় সুন্দরবনের গহীনে ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধ চলে।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে মোক্তার বাহিনীর আস্তানায় তল্লাশি করে আটটি বন্দুক, ছয়টি বোমা, ১৬ রাউন্ড গুলি ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশ ও কয়রা থানা পুলিশ যৌথভাবে এ অভিযানে অংশ নেয়।
কয়রা থানার ওসি সুবীর দত্ত বলেন, বৃহস্পতিবার সকালে কয়রার মোস্তফার মোড় থেকে গোপন সংবাদ পেয়ে মোক্তারকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে পুলিশ সুন্দরবনে তাদের আস্তানায় বাহিনীর অন্য সদস্যদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার অভিযানে যায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোক্তার বাহিনীর সদস্যরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায় মোক্তার বাহিনীর সদস্যরা পিছু হটে।
পরে ঘটনাস্থল থেকে মোক্তারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
