ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে সাইফুলকে অপসারণ
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দল থেকে এ কে এম সাইফুল ইসলামকে সরিয়ে দেয়া হয়েছে।
এ সংক্রান্ত একটি চিঠি বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে পৌঁছেছে বলে প্রসিকিউটর হৃষিকেশ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
চিঠিতে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর কার্যালয়ের উপ-সলিসিটর (পিপি/জিপি) শফিকুর রহমানের সই রয়েছে।
দীর্ঘদিন ট্রাইব্যুনালের কার্যক্রমে অংশ না নেয়া এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে অপসারণ করা হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে।
চিঠির অনুলিপি অ্যাটর্নি জেনারেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, স্বরাষ্ট্র সচিব, মহাপুলিশ পরিদর্শকসহ ১১ জনের কাছে পাঠানো হয়েছে।
প্রসিকিউটর হৃষিকেশ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৩ এপ্রিল ১৪ দিনের ছুটি নিয়ে আমেরিকা যান প্রসিকিউটর সাইফুল ইসলাম। গত ১৭ এপ্রিল তার ছুটির মেয়াদ শেষ হওয়ার পরেও তিনি প্রসিকিউশন অফিসের সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি।
হৃষিকেশ জানান, প্রসিকিউশন অফিস থেকে গত ২৩ জুলাই একেএম সাইফুল ইসলামের বিষয়টি তুলে ধরে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। ওই চিঠি পাওয়ার পরই মন্ত্রণালয় তাকে অপসারণের আদেশ দেয়।
জামায়াতে ইসলামীর নেতা মো.কামারুজ্জামান ও এটিএম আজহারুল ইসলামের মামলা পরিচালনাকারী প্রসিকিউটর ছিলেন একেএম সাইফুল ইসলাম। এটিএম আজহারুল ইসলামের মামলাটিতে আগামী ১৮ অগাস্ট থেকে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরুর কথা রয়েছে।
গত বছরের ২৫ মার্চ মো. কামারুজ্জামানের মামলায় সাইফুল ইসলামের যুক্তিতর্কে অসংলগ্নতা ধরা পড়ায় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অসন্তোষ প্রকাশ করে।
