২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার বাংলাদেশ’

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 07:11 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

প্রতিবছর দেশের জিডিপির ১ শতাংশ ক্ষতি হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রূপসী বাংলা হোটেলে ‘আইপিসিসি’স এআর-৫: হাউ বাংলাদেশ ট্রান্সলেট ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ভালনেরাবিলিটিস’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রচুর অর্থ ব্যয় করছে। এক্ষেত্রে বিশ্বের উন্নত দেশগুলোকে বাংলাদেশের সহায়তায় এগিয়ে আসতে হবে।”

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনগণকে সচেতন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব ড. মেজবাহ উল আলম বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং তা বাংলাদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করেছে।

“জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সাইক্লোন, বন্যা, ঘূর্ণিঝড়, সমুদ্রের উচ্চতা বৃদ্ধিসহ নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে।”

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব শফিকুর রহমান পাটোয়ারি জানান, বাংলাদেশ আন্তর্জাতিকভাবে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন তিনি।