ত্রিপোলিতে দুই বাংলাদেশি নিহত
সংঘাতপূর্ণ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার ত্রিপোলির সেরাজ এলাকায় সংঘর্ষের মাঝে পড়ে তারা হতাহত হন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
নিহতরা হলেন- নরসিংদীর জাহাঙ্গীর মনির এবং যশোরের মিলন।
কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শনের পর লিবিয়ায় বাংলাদেশ মিশন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে একই ধরনের একটি ঘটনায় গত ৩০ জুলাই অন্য দুই বাংলাদেশি নিহত হন।
সম্প্রতি ত্রিপোলির মূল বিমানবন্দরের দখল নিয়ে দুটি মিলিশিয়া ব্রিগেডের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। গত বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপোলিতে ব্যাপক মাত্রায় গোলাবর্ষণ হয়।
এর আগে বেনগাজিতেও একই ধরনের সংঘর্ষ হয় অস্ত্রধারীদের মধ্যে। গত তিন সপ্তাহের সংঘর্ষে দেশটিতে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন।
সাবেক সামরিক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুতির লড়াইয়ের পর সবচেয়ে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়েছে দেশটি।
নানা চেষ্টা চালিয়েও গাদ্দাফির অনুগত বাহিনীর বিরুদ্ধে লড়াই করা বিভিন্ন অস্ত্রধারী মিলিশিয়া গ্রুপকে নিয়ন্ত্রণে আনতে পারছে না লিবিয়ার সরকার। তাদের বেতনভুক্ত করার পাশাপাশি আধা-সরকারি বাহিনীর মর্যাদা দেয়া হলেও গাদ্দাফি আমলের অনেক যুদ্ধাস্ত্র হাতে পাওয়ার কারণে অনেকটাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এসব মিলিশিয়ারা।
উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন এরইমধ্যে দেশটি থেকে তাদের দূতাবাস সরিয়ে নিয়েছে।
ত্রিপোলিতে হতাহতদের পরিচয় জানা গেলেও বেনগাজিতে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিহতদের মৃতদেহ ‘যতো শিগগির’ সম্ভব দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।
গত সপ্তাহে দক্ষিণ ত্রিপোলিতে ব্যাপকভাবে গোলাবর্ষণ শুরু হওয়ার পর ‘পরিস্থিতি স্বাভাবিক’ না হওয়া পর্যন্ত দেশটিতে ভ্রমণ না করতে বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দেয় সরকার।
লিবিয়ায় ‘উদ্ভূত পরিস্থিতি’ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
দেশটিতে অবস্থানরত অনেক বাংলাদেশি এরইমধ্যে নিরাপদ এলাকায় আশ্রয় নিয়েছেন এবং তাদের ‘সংঘাতপূর্ণ এলাকা’ এড়িয়ে চলতে বলা হয়েছে।
