ঝিনাইদহের দুর্ঘটনায় আরেকজনের মৃত্যু
ঝিনাইদহের বারোবাজার রেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষের ষষ্ঠ দিনে আহত আরেকজনের মৃত্যু হয়েছে।
রোববার বিকাল ৪টার দিকে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিপন সাহার (৩২) মৃত্যু হয়।
রিপন ফুলহরি গ্রামের কার্তিক চন্দ্র সাহার ছেলে এবং শৈলকুপা উপজেলার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজের প্রভাষক ছিলেন।
এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দঁড়াল ১২।
ফুলহরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ বিশ্বাস জানান, শুক্রবার দুর্ঘটনার পর অন্যান্য আহতদের সঙ্গে রিপনকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি ইনটেনসিভ কোয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার ভোরে জিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাঁকো গ্রামে বিয়ে শেষে বরযাত্রী নিয়ে শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে ফিরছিল বাসটি। বারোবাজার রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায়।
ওই সময় ১১ জন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছিলেন।
