২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে ৭ খুন: দুই র‌্যাবকে জিজ্ঞাসাবাদ

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাবের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে হাই কোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 07:27 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

বুধবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা সার্কিট হাউজে এ জিজ্ঞাসাবাদ চলে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তদন্ত কমিটি প্রধান মো. শাহ্জাহান আলী মোল্লার নেতৃত্বে সাত সদসের তদন্ত কমিটি র‌্যাব-১১ এর উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম ও সদস্য আব্দুস সামাদকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ্জাহান আলী মোল্লা সাংবাদিকদের জানান, তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে।

সংসদ সদস্য শামীম ওসমানের সাক্ষ্য নেয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তদন্ত কমিটি প্রধান বলেন, “আমাদের তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন তার সাক্ষ্য নেব। আমরা বসে নেই কাজ করছি। শীঘ্রই আপনারা তা দেখতে পাবেন।”

এর আগে গত ২২ জুলাই এ সাত খুনের পৃথক দুটি মামলায় সাক্ষী হিসেবে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা মডেল থানায় কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। অন্যদিকে আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল ফতুল্লা মডেল থানায় আরেকটি মামলা দায়ের করেন।

এই ঘটনায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।