সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
বরিশালের মেহেন্দীগঞ্জ পৌর এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে, অসুস্থ্ হয়েছেন অপর দুই শ্রমিক।
বুধবার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন আ. জলিল মৃধা (৪০) ও জাহাঙ্গীর খান (৩৫)। এরা দুজনেই মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের ইয়ারবেক গ্রামের বাসিন্দা।
ওই ওয়ার্ড কাউন্সিলর নাছিম আহম্মেদ তালুকদার জানান, উপজেলা স্বাস্থ্য সহকারী হাসান সিকদারের বাসার সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন শ্রমিকরা। এর মধ্যে জাহাঙ্গীর খান ও জলিল মৃধা ট্যাংকের মধ্যে নামেন।
দীর্ঘসময়ে তারা উঠে না আসায় তাদের উদ্ধার করতে বাদল খান ও রুবেল রাঢ়ী নামে আরো দুই শ্রমিক নেমে অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাহাঙ্গীর ও জলিলকে মৃত ঘোষণা করেন।
মেহেন্দীগঞ্জ থানার ওসি উজ্জল কুমার দে জানান, সেপটিক ট্যাংকটি কিছুদিন আগে নির্মাণ করা হয়েছে। বৃষ্টির পানি ও ময়লা জমে ট্যাংকের ভিতর দুর্গন্ধ সৃষ্টি হয়।
ট্যাংকের সেন্টারিংয়ের কাঠ খোলা ও পরিষ্কারের জন্য এ দুই শ্রমিক ভেতরে ঢুকেছিলেন।
