পদ্মাগর্ভে বিলীন ৫০ ঘরবাড়ি
পদ্মা নদীর ভাঙনে এক সপ্তাহে পাবনার সুজানগর উপজেলায় ফসলি জমি ও কয়েকশ গাছ-পালা সহ অন্তত ৫০টি ঘরবাড়ি বিলীন হয়ে গেছে।
এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করছে।
সরোজমিনে দেখা যায়, সুজানগরের নাজিরগঞ্জ, মোহনপুর, মহব্বতপুর, গোপালপুর, দবেবাড়ি বটতলা পর্যন্ত পদ্মাপাড়ের প্রায় দুই কিলোমিটার এলাকার ঘরবাড়ি নদীতে তলিয়ে গেছে।
নাজিরগঞ্জ গ্রামের নাসির খলিফা ও আলম শেখ, চাঁদু প্রামানিকসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঈদের সময় থেকে এ কয়দিনে এলাকার চারটি গ্রামের প্রায় ৫০টি ঘরবাড়ি, পাঁচ শতাধিক ফলজ ও বনজ গাছসহ কয়েকটি বাগান এবং ফসলি জমি নিশ্চিহ্ন হয়ে গেছে।
তাদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
এ ব্যাপারে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডকে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
সরকারি অনুদান পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করা হবে বলে জানান তিনি।
