২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে বার্থ অপারেটর নিয়োগ: দুদকের তদন্ত দাবি

চট্টগ্রাম বন্দরের একাধিক টার্মিনালে একই বার্থ অপারেটরকে বারবার নিয়োগের বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 08:23 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

মঙ্গলবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

চট্টগ্রাম ডক-বন্দর শ্রমিক কর্মচারী পরিষদের আয়োজনে ‘মাফিয়ার কালো হাত থেকে চট্টগ্রাম বন্দরকে রক্ষা করুন’ শিরোনামে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভার প্রধান অতিথি মহিউদ্দিন বলেন, “বন্দরের অর্থ লুটপাট এবং অবৈধ একটি প্রতিষ্ঠানকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত প্রক্রিয়ায় একের পর এক কন্টেইনার হ্যান্ডলিং-এর কাজ দিয়ে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি চক্র উঠে পড়ে লেগেছে।”

“সাইফ পাওয়ার টেকের স্টিভিডোরিং-এর পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক পন্থায় বার্থ অপারেটিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে।”

চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটির একাংশের বার্থ অপারেটিং এর কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক।

মহিউদ্দিন বলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও রহস্যজনকভাবে সম্পূর্ণ অননুমোদিতভাবে তাদের দিয়ে এনসিটিতে কাজ করানো হচ্ছে।

“বর্তমান সরকার দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন কার্যকর করতে যখন তৎপর তখন বন্দরে তা অনুপস্থিত কেন? এর পেছনে কারা জড়িত তা দুদকের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।”

‘লাইসেন্সবিহীন ও অনভিজ্ঞ’ সাইফ পাওয়ারের সঙ্গে অবৈধ সব চুক্তি বাতিল করে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করারও দাবি জানান চট্টগ্রামের এই সাবেক মেয়র।

চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে যন্ত্রপাতি কিনে এনসিটি পরিচালনার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে মহিউদ্দিন বলেন,  “কোনো অবস্থাতেই সাইফ পাওয়ার টেককে এনসিটি পরিচালনার দায়িত্ব দেয়া যাবে না।”

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একেএম তফাজুল হক, চট্টগ্রাম নগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, বন্দর সিবিএ সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক অহিদ উল্লা সরকার, ডক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. ইসকান্দর মিয়া প্রমুখ।