নেত্রকোণায় লরি চাপায় নিহত ২ নারী
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় লরির নিচে পড়ে দুই নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের মহিষবেড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন উপজেলার হাপানিয়া গ্রামের প্রয়াত পাঞ্জের আলীর স্ত্রী রহিমা খাতুন (৫৫) ও বাবুল মিয়ার স্ত্রী রোজিনা থাতুন (৩৫)।
পূর্বধলা থানার ওসি মুশফিকুর রহমান জানান, মঙ্গলবার বিকালে বাড়ি থেকে রহিমা ও রোজিনা রিকশায় করে শ্যামগঞ্জ যাচ্ছিলেন। মহিষবেড় এলাকায় পিছন থেকে একটি বালু বোঝাই লরি রিকশাটিকে ধাক্কা দেয়।
এতে রিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিও খাদের মধ্যে রিকশার উপর পড়ে। ঘটনাস্থলেই নিহত হন রহিমা ও রোজিনা।
ওসি আরো জানান, আবেদন করে ময়নাতদন্ত ছাড়াই স্বজনেরা মৃতদেহ নিয়ে গেছেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
