লঞ্চডুবিতে স্বজন হারালেন নৌমন্ত্রীও
পদ্মায় ডুবে যাওয়া লঞ্চে নৌপরিবহনমন্ত্রীর তিন স্বজন ছিলেন; যাদের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে, বাকি দুজন এখনো নিখোঁজ।
মন্ত্রী শাজাহান খানের এই তিন স্বজনের মধ্যে নুসরাত জাহান হীরা ঢাকার শিকদার মেডিকেল কলেজে পড়তেন। হিরার বোন ফাতেমাতুজ জোহরা স্বর্ণা এবং খালাতো বোন জান্নাত নাঈম লাকীর সন্ধান মেলেনি।
স্বর্ণা এই বছর এসএসসিতে জিপিএ-৫ পেয়ে ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ভর্তি হয়েছিল। লাকী চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ত।
মাদারীপুরের শিবচরে হীরাদের বাড়ি, লাকীর বাড়ি পাশের জেলা শরীয়তপুরের জাজিরার গংগানগর।
নৌমন্ত্রীর খালাতো ভাই নুরুল ইসলাম সোমবার সকালে তার দুই মেয়ে ও শ্যালিকার মেয়েকে নিয়ে ঢাকায় রওনা হয়েছিলেন।
কাওড়াকান্দি থেকে অন্যদের সঙ্গে তারাও পিনাক-৬ লঞ্চে উঠে মাওয়া রওনা হয়েছিলেন। ওই লঞ্চটি মাঝনদীতে ডুবে যায়।
হীরাদের বাড়িতে গিয়ে দেখা যায়, সন্তান হারানোর শোকে মূর্চ্ছা যাচ্ছেন নুরুল ইসলাম ও তার স্ত্রী।
নুরুল ইসলাম বলেন, “চেষ্টা করেছিলাম মেয়েদের বাঁচাতে, কিন্তু পারি নাই, পারি নাই। পানি এত জোরে আসতেছিল, সব ওলট পালট হয়ে গেল।”
মেধাবী ছাত্রী হিসেবে হীরা ও স্বর্ণার এলাকায় সুনাম ছিল বলে স্থানীয়রা জানান।
স্বর্ণার এক সহপাঠী সাজিয়া আক্তার বলেন, “সে ছিল অসাধারণ। আমাদের বান্ধবীদের মধ্যে খুবই মিল ছিল। স্বর্ণাকে হারানোটা মেনে নিতে পারছি না।”
মাদারীপুরের বাসিন্দা নৌমন্ত্রী লঞ্চ উদ্ধার অভিযান তদারক করছেন। মঙ্গলবার মাওয়ায় বিআইডাব্লিওটিএ-এর জাহাজে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তিনি তার স্বজনদের নিখোঁজের খবরটিও জানান।
শাজাহান খান বলেন, তিনি প্রথমে খবরটি জানতেন না, তার স্ত্রী তাকে জানান হীরা, স্বর্ণা ও লাকীর ওই লঞ্চে থাকার খবর।
