দোকান মালিকের ছেলেকে অপহরণ, সাত লাখ মুক্তিপণ দাবি
চট্টগ্রামে নিজ বাসা থেকে অপহৃত হওয়ার সাড়ে তিন ঘণ্টার মাথায় ছয় বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যারা ওই শিশুর বাবার দোকানের কর্মচারী।
চট্টগ্রাম নগর পুলিশের কোতয়ালি জোনের সহকারী কমিশনার শাহ মো. আবদুর রউফ জানান, সোমবার রাত সাড়ে ৮টায় নগরীর কোতয়ালি থানার রুমঘাটায় নিজেদের বাসা থেকে থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী মোহাম্মদ লিটনের ছয় বছর বয়সী ছেলে ফারহান লাবিদ ওমরকে অপহরণ করা হয়।
পুলিশ বায়েজিদ থানার ওয়াজেদিয়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে রাত পৌনে ১২টার দিকে শিশুটিকে উদ্ধার করে।
গ্রেপ্তার দুইজন হলেন- রাসেল (২১) এবং লিটনের দোকানের কর্মচারী মাহফুজ (২০) । মাহফুজের বাড়ি কুমিল্লায়।
তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে সহকারী কমিশনার রউফ জানান।
তিনি বলেন, লিটনের দোকানের ওই দুই কর্মচারী প্রতিদিনের মতো মুরাদপুর থেকে বাসায় খাবার খেতে যায়। একপর্যায়ে শিশু ওমরকে নিচে নামিয়ে ফুঁসলিয়ে অপহরণ করে।
রাত ৯টার দিকে একটি বাংলালিংক নম্বর থেকে লিটনকে ফোন করে রাত ১২টার মধ্যে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। আর তা না দিলে ছেলেকে হত্যার হুমকি দেয়।
আবদুর রউফ জানান, রাত ১০টার দিকে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার এবং শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। অপহরণের সঙ্গে চারজন যুক্ত থাকলেও দুইজন পালিয়ে গেছে।
কোতয়ালি থানার এসআই কামারুজ্জামান বলেন, অপহরণকারীরা শিশুটিকে বায়েজিদ এলাকার ওয়াজেদিয়া ছোট মসজিদ এলাকা সংলগ্ন জঙ্গলে নিয়ে যায়। সেখানে মোবাইল ফোনে মুক্তিপণের বিষয়ে কথা বলার সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।
