ছেলের লাঠির আঘাতে মৃত্যু
পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের বাঁশখালীতে ছেলের লাঠির আঘাতে আহত এক বৃদ্ধ হাসপাতালে মারা গেছেন।
সোমবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ফজল আহমদ (৬৫) নামে ওই ব্যক্তি মারা যান। তার বাড়ি বাঁশখালীর চেঁচুড়িয়ায়।
গত ৩১ জুলাই সকালে জায়গা-জমি নিয়ে তার প্রথম স্ত্রীর সন্তানদের ঝগড়া লাগে। এর একপর্যায়ে ছেলে মাইনুদ্দিন (২৬) ঘরের দরজার কাঠ দিয়ে তার বাবাকে আঘাত করেন বলে স্থানীয়রা জানায়।
বাঁশখালী থানার এসআই মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম ও দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তানদের জায়গা জমি ভাগ করে দেয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।”
স্থানীয়রা জানান, এসময় তার প্রথমপক্ষের কন্যা জান্নাতুল ফেরদৌস, ছেলে মাইনুদ্দিন ও মহিউদ্দিনের সাথে ঝগড়া লাগে। একপর্যায়ে মাইনুদ্দিন বাবা ফজল আহমেদকে আঘাত করেন।
এসআই হোসেন জানান, সন্তানরাই আবার তাদের বাবাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই ফজল আহমেদের মৃত্যু হয়।
এই ঘটনায় মামলা হলেও কেউ গ্রেপ্তার নেই বলে জানান এসআই হোসেন।
