মালয়েশিয়াগামী ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ২০
সাগরপথে অবৈধ উপায়ে মালয়েশিয়া যাত্রাকালে বঙ্গোপসাগরে একটি ট্রলার দুর্ঘটনায় অন্তত ২০ জন নিখোঁজ হয়েছেন। ট্রলারটি সমুদ্রের ঢেউয়ে ভেঙে গেছে বলে উদ্ধার হওয়া এক যাত্রী জানিয়েছেন।
সোমবার বেলা দেড়টার দিকে কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় বঙ্গোপসাগরের মোহনায় ট্রলারটির ভাঙা অংশ ভেসে আসে।
কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান বিষিয়টি নিশ্চিত করে জানান, ট্রলারটির মালামাল জব্দ করা হয়েছে।
ভেসে আসা ট্রলারটির ভগ্নাংশ থেকে মোহাম্মদ শাহীন (৩৫) নামের একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন শাহীন সাংবাদিকদের জানান, তিনি নরসিংদির রায়পুর উপজেলার আদিয়াবাসকান্দা গ্রামের জহিরুল হকের ছেলে।
শাহীন আরো জানান, ট্রলারে তিনি ও তার এক ভাই জয়নালসহ ৩০ জন ছিলেন।
সোমবার সকালে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন তারা। কিছুদূর যাওয়ার পর সমুদ্রের উত্তাল ঢেউয়ে তাদের ট্রলারটি ভেঙে যায়। এরপর তিনিসহ ১০ জন বিভিন্নভাবে কূলে ফিরলেও অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন।
তবে, কে কীভাবে ফিরেছেন এবং তারা কোথায় আছেন সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
কোন দালালের মাধ্যমে তারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
