নূর হোসেনের বিরুদ্ধে আরেক মামলা
লাইসেন্স বাতিল করা অস্ত্র জমা না দিয়ে অন্যত্র হস্তান্তরের অভিযোগে নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে পুলিশ।
সোমবার সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত মিত্র বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, নারায়ণগঞ্জে সাত জনকে অপহরণের পর খুনের ঘটনায় নূর হোসেনকে দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করে তা জমা দেয়ার নির্দেশ দেয় জেলা প্রশাসন। কিন্তু নূর হোসেন সেই অস্ত্র জমা না দিয়ে তার শ্যালক নূরে আলমের কাছে হস্তান্তর করেন।
“লাইসেন্স বাতিল করা অস্ত্র জমা না দিয়ে অন্যত্র হস্তান্তরের অভিযোগে এ মামলা করা হয়েছে,” বলেন ওসি।
গত শুক্রবার রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে আসা চট্টলা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার থেকে গুলিভর্তি পিস্তল উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরে নারায়ণগঞ্জ পুলিশ অস্ত্রটি নূর হোসেনের বলে সনাক্ত করে।
