নেত্রকোনায় হামলায় আহত কৃষকলীগ নেতার মৃত্যু
নেত্রকোনার আটপাড়া উপজেলায় দুর্বৃত্তের হামলায় আহত কৃষকলীগ নেতা খায়রুল ইসলাম (৩৫) মারা গেছেন।
সোমবার সকাল সোয়া ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তেলিগাতী ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াড কৃষকলীগের এই সভাপতি।
আটপাড়া থানার ওসি ফারুক আহমেদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা শুক্রবার রাত ৯টার দিকে তেলিগাতী বাজার থেকে বাড়ি ফেরার পথে মঙ্গলসিদ্ধ এলাকার সড়কে খায়রুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
হামলাকারীরা বাম হাত কনুই থেকে ও ডান হাতের কব্জি কেটে ফেলে। বাম পায়ের রগও কেটে দেয়া হয় তার।
ওসি ফারুক বলেন, “স্থানীয়রা প্রথমে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠালেও সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
সেখানেই সকালে তার মৃত্যু হয় বলে জানান ওসি। তিনি জানান, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার জানান, খায়রুলের চিকিৎসায় ব্যস্ততার জন্য এ ঘটনায় মামলা করা যায়নি। সোমবার দাফন শেষে সন্ধ্যা নাগাদ মামলা করা হবে।
