‘চীনে বাংলাদেশিরা নিরাপদে’
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে ভয়াবহ ভূমিকম্পের পর সেখানে বসবাসরত বাংলাদেশিরা নিরাপদ আছেন বলে জানিয়েছে প্রদেশের রাজধানী কুনমিংয়ে অবস্থিত বাংলাদেশ মিশন।
রোববার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় আঘাত হানা ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় চারশতে দাঁড়িয়েছে। আহত হয়েছে ১ হাজার ৮৮১ জন।
কুনমিংয়ে বাংলাদেশ মিশনের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় কার্যালয় এখন পর্যন্ত কোনো বিদেশির হতাহত খবর পায়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পে “বাংলাদেশি কোনো নাগরিকেরও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।”
এদিকে ইউনান প্রদেশে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় ইউনান প্রদেশের উয়েনপিং শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৬ দশমিক ১ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়।
অবশ্য সিনহুয়ার খবরে বলা হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৫।
চীনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, গত ১৪ বছরের মধ্যে ইউনান প্রদেশে এতো শক্তিশালী ভূমিকম্প আর ঘটেনি।
ভূমিকম্পে লুদিয়ান এলাকার প্রায় ১২ হাজার ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়। এছাড়া বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয় আরো প্রায় ৩০ হাজার বাড়ি।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝাওটং অঞ্চলের শিয়াওজিয়া এলাকা। এ এলাকাতেই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।
চীনের এ অঞ্চলে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। এর আগে ১৯৭০ সালে একই এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ১৫ হাজার মানুষ নিহত হয়।
এছাড়া ২০০৮ সালে সিচুয়ান প্রদেশে আরেকটি ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় ৭০ হাজার মানুষ।
