২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজ নিয়ে অধ্যক্ষ হাওয়া

ঢাকার একটি বেসরকারি কলেজের অধ্যক্ষর বিরুদ্ধে কোনো ধরনের নোটিস ছাড়াই মালামাল নিয়ে ভবন ছেড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 09:36 AM

Updated : 25 Apr 2022, 04:31 PM

এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। জানেন না কোথায় স্থানান্তর হচ্ছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান।

রোববার সকালে ঢাকা পাবলিক কলেজের কলাবাগান ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, তালাবদ্ধ ভবনের সামনে ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দাঁড়িয়ে আছেন।

কয়েক সপ্তাহ আগে কলেজটিতে বাণিজ্য বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী লিয়ন বলেন, “রাতে খবর পেলাম অধ্যক্ষ স্যারসহ কয়েক শিক্ষক কলাবাগানের কলেজ ক্যাম্পাস ছেড়ে সব মালপত্র নিয়ে চলে গেছেন। তাই দেখতে এলাম আসলে কি হয়েছে। কলেজ ভবনের সামনে এসে দেখি ভবনে তালা ঝুলছে।”

আর দুই সপ্তাহ আগে ১৫ হাজার টাকায় নিজের ছোট ভাইদের ভর্তির তথ্য দিয়ে কলাবাগান এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “আমার আপন ছোট ভাই সজিব এবং দুই চাচাত ভাই রাসেল ও রাজিবকে দুই সপ্তাহ আগে ১৫ হাজার টাকা খরচ করে কলেজটিতে ভর্তি করেছিলাম। এখন দেখি প্রিন্সিপাল কলেজের মালপত্র নিয়ে চলে গেছেন।”

কাউকে না জানিয়েই কলেজটির ভবন মহাখালী নেয়ার পরিকল্পনা হচ্ছে- এমন তথ্যও দেন তিনি।

শুধু শিক্ষার্থী বা অভিভাবক নন, মালামাল নিয়ে যাওয়ার তথ্য জানেন না খোদ কলেজের শিক্ষকরাও। অর্থনীতি বিভাগের শিক্ষক সালমা খাতুন বললেন, “একটা কলেজের শিক্ষক হয়েও আমরা জানতে পারবো না কলেজটির ক্যাম্পাস কোথায় নেয়া হচ্ছে, তার মালপত্র কীভাবে কোথায় যাচ্ছে। এটা অধ্যক্ষের কেমন স্বেচ্ছাচারিতা?”

তিনি বলেন, “২০০৫ সালে প্রথম বিনা বেতনে এ কলেজে শিক্ষকতা শুরু করেছিলাম। এরপর ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ে। কলেজটি এমপিওভুক্ত হয়। পাশাপাশি কলেজটির অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠতে থাকে। বারবার ব্যবস্থাপনা কমিটির তদন্তে তার প্রমাণও পাওয়া গেছে।”

অভিযোগ পাওয়া গেছে, অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদ করায় একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মমিনুল হকের স্ত্রী ও ইতিহাস বিভাগের শিক্ষক শিরীন আক্তারকে অধ্যক্ষের অনুসারী কয়েকজন শিক্ষক ব্যাপক মারধর করেন।

শিরীন আক্তার আহত হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি ছিলেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে শিরিন আক্তার বলেন, “কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এম কে হানিফ, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল আলম ও গণিত বিভাগের প্রভাষক মো. শাহজাহান আমার উপর হামলা করেছে। তারা আমার স্বামীকেও মারধর করে। তারা অধ্যক্ষের অনুগত শিক্ষক।”

কলেজটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইফতেখারুল আলম জানান, “কলেজটির ভবন স্থানান্তর করা হয়েছে বা হচ্ছে সেটি আমরা তো জানি না। কেন, কার নির্দেশে এমনটি করা হলো তা খুঁজে বের করা হবে।”

ভবনের মালিক রাহেলা পারভীন সাংবাদিকদের জানান, “ঢাকা পাবলিক কলেজ সঙ্গে ১ লাখ ৬০ হাজার টাকায় আমার বাসার চারটি তলা ভাড়া নিয়েছিল। পাঁচমাস ধরে তারা ভাড়া পরিশোধ করেননি। কলেজটি অধ্যক্ষকে আমি বাসা ছাড়ার নোটিস দিয়েছিলাম।

“ঈদের আগে রাতে তিনি আমাকে জানান প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার স্বামী তাকে কলেজ ভবনটি ছেড়ে মহাখালীর একটি বাসা ভাড়া নিতে বলেছেন। এজন্য রাতেই তাকে বাসা ছাড়তে হবে।

“তখন তাকে (অধ্যক্ষ মোস্তফা কামাল) বলা হয়েছিল ঈদে বাসার গার্ড থাকে না। আপনি যদি কেবল ছোট দরজা খুলে মালামাল নিয়ে যেতে পারেন তাহলে যান। কয়েকদিন অপেক্ষা না করলে আমি বড় দরজা খোলার ব্যবস্থা করতে পারবো না।”

তবে শনিবার গভীর রাতে কিছু না জানিয়েই মালামাল নিয়ে চলে যান বলে জানান তিনি।

সব বিষয়ে জানতে অধ্যক্ষ মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, কলেজ খুললে তিনি স্থানান্তরের কথা জানাতেন।

“কলেজ ৭ অগাস্ট পর্যন্ত বন্ধ ছিল। খোলার পর ক্যাম্পাস স্থানান্তরের কথা সবাইকে জানাতাম। তাছাড়া বাসার ভাড়া পরিশোধ করতে না পারায় মালিক বাসা ছাড়তে নোটিস দিয়েছিল।”

অবশ্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মমিনুল হক দাবি করেন, ওই ভবনের ভাড়া হিসাবে ১৫ লাখ টাকা অগ্রিম দেয়া ছিল।

তিনি বলেন, “কেবল ভাড়ার কারণে বাসা ছাড়তে হয়েছে তা সত্য না। এলাকার সবাই অধ্যক্ষের দুর্নীতির বিষয়ে জেনে ফেলেছিল। তিনি বুঝতে পারছিলেন এ কলেজে তার টিকে থাকা সম্ভব না। তাই বাধ্য হয়ে কলেজটি ধ্বংস করে দিতে তিনি কাউতে কিছু না জানিয়ে রাতের অন্ধকারে কলেজের মালামাল নিয়ে বাসা ছেড়েছেন।”

ভাড়া সংক্রান্ত জটিলতায় গত কয়েক বছরে কলেজটি ফার্মগেট, তালতলা, পান্থপথ, শেওড়াপাড়া, গ্রিনরোড, মহাখালীসহ বিভিন্ন এলাকায় স্থানান্তর করা হয়েছিল বলে জানান যুক্তিবিদ্যা বিষয়ের শিক্ষক নুরূন নাহার পারভীন।