মন্ত্রীর হতাশার পর মেয়রের ‘জেগে ওঠা’
বন্দরনগরীর ভাঙাচোরা রাস্তা ও পরিচ্ছন্নতা নিয়ে যোগাযোগমন্ত্রী হতাশা প্রকাশ করার পর তিন দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম।
রোববার সকালে চট্টগ্রামে এসে ভাঙাচোরা রাস্তা, আবর্জনা, যানবাহন চলাচলে বিশৃঙ্খলা এবং যত্রতত্র বিলবোর্ড দেখে চট্টগ্রাম ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে বলে মন্তব্য করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রীর ওই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) বিভাগীয় প্রধান ও শাখা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন মেয়র।
বৈঠকে তিনি আগামী তিন দিনের মধ্যে নগরীর ৪১টি ওয়ার্ডসহ সিসিসির অধীনে চলমান সড়ক উন্নয়ন-মেরামত, পরিচ্ছন্নতা, খাল-নালার মাটি-বর্জ্য অপসারণ ও সড়কবাতির ‘বাস্তবচিত্র সম্বলিত’ প্রতিবেদন জমা দিতে বিভাগীয় প্রধানদের নির্দেশ দেন।
সকালে নগরীতে এক প্রচারমূলক কর্মসূচিতে এসে যোগাযোগমন্ত্রী বলেন, চট্টগ্রামের রাস্তার মতো দুরবস্থা দেশের আর কোথাও নেই।
“এখানকার অথরিটি ভাল। কিন্তু ভালো মানুষ হলে চলবে না। এ শহরের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।”
চট্টগ্রামের রাস্তাঘাট মেরামতে সরকারি বরাদ্দ পাওয়া যায় না- সিসিসির এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “রাস্তা মেরামতের জন্য বরাদ্দের প্রয়োজন হয় না। মেয়র আমাকে বলুক, আমি বরাদ্দ এনে দেব।”
এরপর দুপুরে বৈঠকে বসে মেয়র মনজুর সিটি করপোরেশনের অধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, সেবক, শিক্ষক ও শ্রমিকদের নিয়মানুবর্তিতা মেনে চলার আহ্বান জানান।
মেয়র বলেন, “নাগরিক সেবায় নিয়োজিতরা সবাই নাগরিকদের কাছে দায়বদ্ধ। কর্তব্যে অবহেলা, নিয়ম না মানা বা কাজে গাফিলতি হলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।”
কর্মকর্তারা জানান, গত জুন ও জুলাই মাসে বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে নগরীর প্রায় একশ কিলোমিটার সড়ক বেহাল হয়ে পড়ে।
ঈদের আগে কিছু সড়ক সংস্কার করা হলেও এখন পর্যন্ত সব সড়ক মেরামত হয়নি।
নগরীর পরিচ্ছন্নতা নিয়েও মেয়রের বিরুদ্ধে নগরবাসীর অভিযোগ রয়েছে।
