২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেস্ট জালিয়াতি: আরো তদন্তে নতুন কমিটি

মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা বিদেশিদের দেয়া ক্রেস্টে স্বর্ণ জালিয়াতির ঘটনার ‘অধিকতর’ তদন্তে একটি কমিটি গঠন করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 09:36 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লা আল মামুনকে প্রধান করে জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার তিন সদস্যের এই কমিটি গঠনের আদেশ জারি করে।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ফয়েজ আহম্মদ এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোশারফ হোসেন এই কমিটির সদস্য হিসাবে রয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবিলম্বে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”

এর আগে ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছিল। ওই কমিটি গত ৮ মে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দেয়।

গত ৫ এপ্রিল ক্রেস্টে স্বর্ণ কম দেয়ার বিষয়ে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হলে সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে সরকারের পক্ষ থেকে দেয়া সম্মাননা ক্রেস্টে যে পরিমাণ স্বর্ণ থাকার কথা ছিল, তা দেয়া হয়নি। আর ক্রেস্টে রুপার বদলে দেয়া হয় পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু।