২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামির পলায়ন, ৩ পুলিশ বরখাস্ত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়ে গেছে, কয়েকঘণ্টা পর যাকে আবার গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত ও একজনকে প্রত্যাহার করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 05:43 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

বরখাস্তরা হলেন কনস্টেবল আবু বক্কর সিদ্দিক, আনিছুর রহমান ও শাহাজান আলী। এছাড়া কনস্টেবল জাহেদুল হককে কুড়িগ্রাম পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) সঞ্জয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুটি মামলায় ফুলবাড়ী উপজেলার পূর্বফুলমতি গ্রামের আজগার আলীর ছেলে জাহিদুল হক (৩৫) ও কবিরমামুদ গ্রামের ছামছুল হকের ছেলে রাশেদুল হককে (৩২) শনিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের নিয়ে আদালতে যাওয়ার পথে বেলা ১টার দিকে নাগেশ্বরী উপজেলার গোবর্ধন কুঠি এলাকায় পৌছলে প্রস্রাব করার কথা বলে অটোরিকশা থেকে নেমে হাতকড়াসহ পালিয়ে যায় জাহিদুল হক।

তবে, তিন ঘণ্টা পর তাকে আবার গ্রেপ্তার করা হয় বলে এসপি জানান।

এসপি সঞ্জয় কুমার কুন্ডু বলেন, আসামি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে তাৎক্ষণিভাবে তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একজনকে প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।