আশুলিয়ায় তরুণীকে গলা কেটে হত্যা
সাভারের আশুলিয়ায় এক তরুণীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরে টঙ্গাবাড়ীর নামাপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে অজ্ঞাত পরিচয় মেয়েটির (২৪) লাশ উদ্ধার করে পুলিশ।
ঢাকার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে পথচারীরা বাঁশঝাড়ের ভেতরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
দুপুরে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে লাশ ফেলে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আরো আঘাতের চিহ্নি রয়েছে।
“তবে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না,” বলেন এএসপি রাসেল।
