২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মেডিকেলের রাস্তায় গাড়ি রাখা বন্ধে আদালতের নির্দেশ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম হাসপাতালের সামনের রাস্তা ও ফুটপাতে গাড়ি রাখা বা দোকান বসানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2014, 03:21 PM

Updated : 25 Apr 2022, 04:28 PM

প্রশান্ত কুমার কর্মকার নামে এক আইনজীবীর করা নালিশি আবেদনের শুনানি করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক বিকাশ কুমার সাহা সোমবার এ নির্দেশ দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম হাসপাতালের পরিচালক (প্রশাসন), রমনা জোনের ট্রাফিক উপ-কমিশনার, একই জোনের পুলিশ উপ-কমিশনার এবং রমনা ও শাহবাগ থানার ওসিকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিচারক।

বাদীর আইনজীবী সৈয়দ আহমেদ গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতাল দুটিতে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি এবং ওই এলাকায় সড়ক দুর্ঘটনায় ছাত্রছাত্রীদের প্রাণহানি রোধে প্রশান্ত কুমার কর্মকার আদালতে আবেদনটি করেছেন।”

আবেদনে ফৌজদারি কার্যবিধির ২৫ ধারা উল্লেখ করে বিচারকের কাছে নির্দেশনা চান বাদী।

সৈয়দ আহমেদ গাজী বলেন, পদাধিকার বলে সুপ্রিম কোর্টের বিচারকরা সারা দেশে এবং দায়রা জজ, মহানগর হাকিম ও মুখ্য বিচারিক হাকিমরা নিজ নিজ এলাকায় 'শান্তির জন্য বিচারক' (জাস্টিসেস অব দি পিস) হিসেবে থাকবেন বলে ২৫ ধারায় উল্লেখ করা হয়েছে।