২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানার পাশেই গুলি করে ছিনতাই

রাজধানীর আদাবর থানার কাছেই এক প্রকৌশলীকে গুলি করে আড়াই লাখ টাকা ছিনতাই হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2014, 02:35 PM

Updated : 22 Aug 2022, 06:45 PM

রোববার দুপুর দেড়টার দিকে আদাবর থানার কয়েকশ’ গজের মধ্যে ছিনতাইয়ের এই ঘটনা ঘটলেও থানা পুলিশ কিছুই জানে না।

আদাবর থানার কর্মকর্তারা বলছেন, ছিনতাইয়ের ঘটনার স্থানটি মোহাম্মদপুর থানা এলাকার মধ্যে পড়েছে।

ঈদের কেনাকাটায় সরগরম রাজধানীতে এর প্রায় দেড় ঘণ্টা বাদেই কমলাপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়েছে।

আদাবরে ছিনতাইয়ের শিকার মঞ্জুরুল আলম মৃদুল (২৭) মোবাইল ফোন অপারেটর রবির একজন প্রকৌশলী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিং রোডে ডাচ বাংলা ব্যাংক থেকে আড়াই লাখ টাকা তুলে ইস্টার্ন ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সালাউদ্দিন ওয়াহেদ প্রীতম জানান, থানার কয়েকশ’ গজ দূরত্বে তিনজন যুবক একটি মোটর সাইকেলে এসে মৃদুলের পায়ে গুলি করে হাতে থাকা ব্যাগ নিয়ে দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে।

মৃদুল জানান, কিছুদিনের জন্য তিনি বিদেশ যাচ্ছেন। তার ব্যাগে পাসপোর্ট এবং ভিসা প্রক্রিয়ার কাগজপত্রসহ বেশ কিছু প্রয়োজনীয় নথি ছিল।

ঘটনার সময় নিজের কার্যালয়েই ছিলেন আদাবর থানার ওসি গাজী রুহুল ইমাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি কোনো গুলির শব্দ শোনেননি।

ছিনতাইয়ের খবর জানানোর পর এই পুলিশ কর্মকর্তা বলেন, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

কমলাপুরে পীরজঙ্গী মাজারের কাছে মো. মোস্তফা (৫৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনাটি ঘটে ৩টার দিকে।

মোস্তফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। মোস্তফার ডান পায়ে এবং বাম উরুতে গুলি লেগেছে।

তিনি সাংবাদিকদের বলেন, দুটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী তাকে গুলি করে ব্যাগে থাকা ৫০ হাজার টাকা নিয়ে গেছে ।

প্লাস্টিক ব্যবসায়ী মোস্তফা ব্যবসার কাজে চট্টগ্রামে যাওয়ার জন্য  লালবাগ এলাকার  বাসা থেকে কমলাপুর রেল স্টেশনে যাচ্ছিলেন।