২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্ল সামিটে যোগ দিতে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ‘গার্ল সামিট’-এ যোগ দিতে সোমবার সকালে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2014, 05:23 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

মঙ্গলবার এই সম্মেলন শুরুর আগেই শেখ হাসিনা ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী গার্ল সামিটে বাংলাদেশের নারীদের বাল্যবিয়ের ক্রমহ্রাসমান চিত্র এবং বিভিন্ন ক্ষেত্রে নারীদের অগ্রগতি ও সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন।

গার্ল সামিটেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার মতবিনিময় হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

এই সফরে প্রবাসী বাংলাদেশিদের একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন।

গত জানুয়ারিতে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এটাই শেখ হাসিনার প্রথম যুক্তরাজ্য সফর।

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে গতিশীল পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ‘নারীর খৎনা প্রতিরোধ এবং নারীর জোরপূর্বক ও বাল্যবিবাহ নির্মূল’-কে মূল প্রতিপাদ্য ধরে বিশ্বে প্রথমবারের মতো গার্ল সামিট আয়োজন করছে যুক্তরাজ্য, যাতে সহ-আয়োজক হিসেবে রয়েছে জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফ।

গার্ল সামিট আয়োজনের উদ্দেশ্যে বলা হয়েছে, খৎনা এবং জোর করে ও বাল্যবিয়ে নারীর অধিকার খর্ব করে ও তাদের বিকাশে ‘প্রতিবন্ধকতা’ সৃষ্টি করে।

নারীর খৎনা মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে থাকলেও বাল্য ও জোর করে বিয়ে বিভিন্ন দেশেই রয়েছে। বিশ্বে এখন ২০ থেকে ২৪ বছরের যে নারীরা রয়েছে তাদের এক তৃতীয়াংশেরই বিয়ে হয়েছে ১৮ বছর বয়সের আগে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তবে সাম্প্রতিক বছরগুলোতে জনসচেতনতা বৃদ্ধির কারণে নারীর খৎনা, জোর করে বিয়ে ও বাল্যবিয়ে কমতে শুরু করেছে এবং এই সচেতনতা আরো বাড়ানোর লক্ষ্যে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে।

বাল্যবিয়ের ফলে অপরিণত বয়সে গর্ভধারণ করায় স্বাস্থ্য এমনকি মৃত্যুঝুঁকিতে পড়তে হয় নারীদের। এতে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হারও বাড়ে। দারিদ্র্য ও অশিক্ষার কারণেই বেশিরভাগ ক্ষেত্রে বাল্যবিয়ে হয় বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

বাংলাদেশের অগ্রগতি

বাল্যবিয়ের প্রবণতা কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি সারাবিশ্বেই প্রশংসিত হচ্ছে। উল্লেখযোগ্যভারে মাতৃমৃত্যুর হার কমানোয় আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে বাংলাদেশ।

১৯৯০ থেকে ২০১৩ সালের মধ্যে ২০ বছরের বাংলাদেশে মাতৃমৃত্যুহার (প্রসূতিমৃত্যু) কমেছে ৭০ শতাংশ, যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও কন্যাশিশুদের অগ্রগতি ছেলেদের চেয়ে বেশি। প্রায় ৯৫ শতাংশ নারী শিশু প্রাথমিক স্কুলে ভর্তি হচ্ছে এবং ছেলেদের তুলনায় কন্যা শিশুদের প্রাথমিক শিক্ষা শেষ করার হার বেশি।

পরিবার-পরিকল্পনা কর্মী নিয়োগেও উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে বাংলাদেশের। বাংলাদেশে এখন মাতৃ প্রতি সন্তানের হার ২ দশমিক ৩ জন, আগে যেটা ছিল ছয় জন।

শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ফলে বাংলাদেশে বাল্য বিবাহ কমতে শুরু করেছে। নারীর বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর হলেও ২০ বছর আগে দেশের ৫২ শতাংশ নারীদের বিয়ে হত ১৫ বছর বয়সের মধ্যে, বর্তমানে তা ১৭ শতাংশে নেমে এসেছে।

তবে বাল্যবিয়ে নির্মূল করতে বাংলাদেশকে আরো অনেক দূর এগোতে হবে বলে গবেষকদের অভিমত। ২০১৩ সাল শেষে ২০ থেকে ২৪ বছর বয়সী দেশের ৩৭ লাখ নারীর অর্ধেকেরই বিয়ে হয়েছিল ১৮ বছর বয়সের মধ্যে।

বাল্যবিয়ে ও জোর করে বিয়ে প্রতিরোধে দেশের মধ্যে নানা ধরনের আইন প্রণয়ন এবং আন্তর্জাতিক বিভিন্ন চুক্তিতেও সই করেছে বাংলাদেশ।

শিশুর যত্ন ও প্রারম্ভিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে ২০১৩ সালে পাশ হয়েছে ‘দ্য চিলড্রেন্স অ্যাক্ট’, বাল্যবিয়ে প্রতিরোধে শাস্তিমূলক ব্যবস্থা রেখে ‘বাল্যবিবাহ বিবাহ প্রতিরোধ আইন, ১৯২৯’ সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২০২১ সালের মধ্যম আয়ের যে দেশ গড়ে তোলার জন্য আওয়ামী লীগ সরকার রূপকল্প ঘোষণা করেছে, ওই সময়ের মধ্যে ১৫ বছর বয়সে বিয়ে বিলুপ্ত করারও অঙ্গীকার রয়েছে।

এছাড়া ২০৩৫ সালের মধ্যে দেশ থেকে বাল্যবিয়ে নির্মূলেরও অঙ্গীকার রয়েছে। 

বাল্যবিবাহ প্রতিরোধে সম্প্রতি দেশব্যাপী প্রচারণার শুরু হয়েছে, যার স্লোগান দেয়া হয়েছে ‘কন্যা ওরা, কনে নয়’।

লন্ডনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানসূচি

সোমবার লন্ডনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট। সেখান থেকে পার্ক লেনের লন্ডন হিলটন হোটেলে যাবেন প্রধানমন্ত্রী।

হিলটনে রাত্রিযাপনের পর মঙ্গলবার সকাল সাড়ে সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করবেনে শেখ হাসিনা।

এরপর ১১টা ৫৫ থেকে ১২টা ২৫ মিনিট পর্যন্ত গার্ল সামিটের হাই লেভেল সেশনে অংশ নেবেন তিনি।  সেখানে ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেকের সঞ্চালনায় প্রশ্নোত্তর ফরম্যাটে মতবিনিময় সভায় থাকবেন। এরপর ডেভিড ক্যামেরুন ও অ্যান্থনি লেকের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় এবং ডেভিড ক্যামেরুনের প্রশ্নোত্তর পর্বের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

গার্ল সামিট শেষে প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী।  পরের দিন বুধবার সকাল ১১টায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক করে সোয়া ৬টায় ঢাকার উদ্দেশে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করবেন শেখ হাসিনা।