২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা সেতুর গাইড বাঁধে ভাঙন

তিস্তা নদীর প্রবল স্রোতের কারণে উদ্বোধনের দশ মাসেই তিস্তা সেতুর গাইড বাঁধে ভাঙন দেখা দিয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 09:15 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

গত ২৪ ঘণ্টায় এ বাঁধের দক্ষিণ প্রান্তে ৫০ মিটার অংশের সিমেন্টের বোল্ডার নদীতে তলিয়ে গেছে।  বাঁধের অনেক স্থানে ফাটল দেখা দেয়ায় হুমকির মুখে পড়েছে তিস্তা সেতু।

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব সরকার বাঁধে ধস নামার বিষয়টি নিশ্চিত করে জানান, গাইড বাঁধের প্রায় অর্ধেক অংশই ভেঙে গেছে। বাকি অংশ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।

“এই বাঁধ ভেঙে গেলে সেতু হুমকির মুখে পড়বে। সেই সঙ্গে ১০টি গ্রাম তলিয়ে যাবে।”

সেতুর পাশের গ্রাম নিজপাড়া, হযরত খাঁ, চরগনাই, পাঞ্জর ডাঙ্গা, বিশ্বনাথ গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বাঁধ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ করেছে বলে বৃষ্টি ও নদীর পানির তোড়ে দুর্বল হয়ে পড়েছে। ফলে এক পর্যায়ে বোল্ডার ধসে পড়েছে।

উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক বলেন, “জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে সেতুটি হুমকির মুখে পড়বে। এছাড়াও অনেক গ্রামে বন্যা দেখা দেবে।”

এদিকে ভাঙন ঠেকাতে শনিবার থেকে কাজ শুরু করবে রংপুর সড়ক ও জনপথ বিভাগ।

বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, “আমরা বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। শনিবার থেকে বাঁধ মেরামতের কাজ করা হবে।”

১২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিস্তা সড়ক সেতুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর উদ্বোধন করেন।