নেত্রকোণায় স্কুলছাত্রের লাশ উদ্ধার
নেত্রকোণার মদন পৌর এলাকা থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পশ্চিম জাহাঙ্গীরপুর এলাকায় একটি ডোবায় শুক্রবার রিফাতের (০৬) লাশ পাওয়া যায়।
রিফাত পশ্চিম জাহাঙ্গীরপুরের বিল্লাল মিয়ার ছেলে ও পশ্চিম জাহাঙ্গীরপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
মদন থানার ওসি এস এম মফিজুল ইসলাম রিফাতের পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ১১টার দিকে মায়ের সঙ্গে ঘুমাতে যায় রিফাত। সেহেরির সময় রান্না করতে উঠে রিফাতের মা মিলন আক্তার খাতুন ঘরের দরজা খোলা দেখেন। এছাড়া ছেলেকে ঘরে খুঁজে পাননি।
এরপর থেকে ছেলেকে খোঁজাখুঁজি করতে থাকে রিফাতের পরিবারের লোকজন। সকালে বাড়ির পেছনে জঙ্গলের ডোবায় রিফাতের লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
