টঙ্গীতে গার্মেন্টসে বিক্ষোভ, সংঘর্ষ
ঈদের আগে বকেয়া বেতন প্রদান ও বোনাস বৃদ্ধির দাবিতে টঙ্গীর একটি পোশাক কারখানায় শ্রমিকরা ভাংচুর ও গুদামে অগ্নিসংযোগ করেছে।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, শুক্রবার শিল্প এলাকার জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডের প্রায় ১৫ হাজার শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ শুরু করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, বিক্ষুব্ধ শ্রমিকেরা সকাল ৯টার দিকে কারখানার রাসায়নিকের গুদামে আগুন দেয়। বেলা ১১টার দিকে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে গুদামের বিপুল মালামাল পুড়ে যায়।
কারখানার শ্রমিক আকলিমা খাতুন বলেন, বকেয়া বেতন প্রদান ও ঈদের বোনাস বৃদ্ধির জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে জুন থেকে একাধিকবার বলা হয়েছে।
জুলাইয়ের শুরুতে বেতন ও বোনাস দেয়ার আশ্বাস দিয়েও কারখানা কর্তৃপক্ষ তা পূরণ না করায় তারা আন্দোলন করতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।
ওসি ইসমাইল হোসেন জানান, বিক্ষোভ শুরুর পর শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে কারখানার গ্লাস ভাংচুর ও গুদামে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাধে।
সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় টঙ্গী-পাগাড় সড়কে সকাল সাড়ে ১০টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করাসহ অন্তত ২০ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে।
এ সময় ছোটাছুটিতে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন, যারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে ওসি জানান।
