কুষ্টিয়ায় বাবা-ছেলে গুলিবিদ্ধ
কুষ্টিয়ার মিরপুর পৌর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক শিক্ষক ও তার ছেলে গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধরা হলেন- দৌলতপুর উপজেলার লালনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম (৫০) ও তার ছেলে সোহেল (২৫)।
মিরপুর থানার ওসি শাহিনুল ইসলাম শাহিন জানান, বৃহস্পতিবার রাতে পৌরসভার খন্দকবাড়ীয়া মহল্লার উত্তরায়ন ক্লাবের কাছে নিজ বাড়ির সামনে তারা গুলিবিদ্ধ হন।
তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এলাকাবাসী টের পেয়ে দুর্বৃত্তদের ধাওয়া করলে পালিয়ে যায় তারা। এ সময় তাড়াহুড়ো করে পালাতে গিয়ে একটি মোটরসাইকেল নিয়ে যেতে পারলেও অপর দুটি ফেলে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা গুরুতর আহত বাবা-ছেলেকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান ওসি শাহিনুল।
তিনি বলেন, পলাতক দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান চলছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
