বেনাপোলে দুই নারীসহ ৬ মাদক বিক্রেতা আটক
যশোরের বেনাপোলে দুই নারীসহ ছয় মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ ও বিজিবি।
বৃহস্পতিবার বেনাপোলের সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে বিজিবি ও পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন-বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী শিলা বেগম (২২), রঘুনাথপুর গ্রামের আব্দুল মতলবের স্ত্রী সাবরিনা বেগম (২৫), ভবেরবেড় গ্রামের নজরুল মোড়লের ছেলে রমজান মোড়ল (৩৮), শিকারপুর গ্রামের সাহাবউদ্দিনের ছেলে মহিউদ্দিন (২৩), ঝিকরগাছার বেনেয়ালী গ্রামের রোমেজ মোড়লের ছেলে শহিদুল ইসলাম (৪০) ও ঝিনাইদহের শৈলকুপার ইমান আলীর ছেলে বিপুল বিশ্বাস (৩৫)।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা ও ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ওসি অপূর্ব বলেন, আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদে পুলিশ ও বিজিবি অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করে।
তাদের বিরুদ্ধে মাদক আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।
