উপজেলার নগরায়ন যেন পরিকল্পিত হয়: প্রধানমন্ত্রী
তৃণমূল পর্যায়ে নাগরিক সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রতিটি উপজেলায় পরিকল্পিত নগরায়নের স্থানীয় সরকার বিভাগকে মহাপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, সামরিক শাসকদের কারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী হতে পারেনি বলেই জনগণের সেবা দিতে ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমাদের দেশে যেভাবে নগরায়ন হচ্ছে, তা খুবই অপরিকল্পিত। ইতোমধ্যে আমার একটা নির্দেশ রয়েছে যে, প্রত্যেক উপজেলায় মাস্টার প্ল্যান করে ফেলা। কারণ আমরা বিদ্যুৎ দিচ্ছি, উন্নতমানের জীবনযাপন করাতে চাচ্ছি, সেজন্য পরিকল্পিত নগারায়ন হলে এই সেবাগুলো দ্রুত দিতে পারব।”
প্রধানমন্ত্রী বলেন, অপরিকল্পিত নগরায়নের ফলে চাষের জমি নষ্ট হয়, জমির অপব্যবহার হয়। দেশের স্বার্থেই চাষের জমি রক্ষা করতে হবে।
১৯৯৬ সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর পরিকল্পনা অনুযায়ী ইউনিয়ন কমপ্লেক্স তৈরির উদাহরণ বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
“যে কারণে ১৯৯৬ সালেই ইউনিয়ন কাউন্সিলের কমপ্লেক্সগুলো করলাম, যাতে মানুষ একই জায়গা থেকে সেবাগুলো পেতে পারে। নকশাগুলো এখান (স্থানীয় সরকার বিভাগ) থেকেই করা। কিন্তু আমি নির্দেশ দিয়েছিলাম যাতে গ্রামের ভাবটা থাকে। এজন্য কোনো বিদেশি পরামর্শকও ভাড়া করতে হয়নি। এখন এক জায়গা থেকে মানুষ সব সেবা পাচ্ছে।
উপজেলার ক্ষেত্রেও একই পথ অনুসরণ করার নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “যাতে চাষের জমি থাকেম আবার স্কুল, কলেজ, হাসপাতাল থেকে শুরু করে খেলার মাঠ, সেই সাথে আমাদের ইন্ডাস্ট্রির জন্য জায়গা… সেভাবেই পরিকল্পিত নগরায়ন করতে হবে।”
প্রধানমন্ত্রী গ্রামের নিম্নআয়ের মানুষদের জন্য আবাসন গড়ে তোলার পরিকল্পনাও বৈঠকে তুলে ধরেন।
তিনি বলেন, “ঢাকা শহরে যারা বসবাস করবে তারা প্লট পাবে, ফ্ল্যাট পাবে, আর আমাদের গ্রামের মানুষ পাবে না, তারা উন্নত জীবন পাবে না- এটা কেমন ধরনের কথা। এ বৈষম্য তো হতে পারে না।”
আওয়ামী লীগ সরকারের সময়ে কমিউনিটি স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে মানুষের উপকৃত হওয়ার তথ্যও বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ একটি বড় সময় সামরিক শাসনের অধীনে থাকায় স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হয়নি মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “স্থানীয় সরকার ব্যবস্থাকে একেক সরকার একেকভাবে ব্যবহার করায় এর যে গুরুত্ব, এর যে সুফল- সেটা মানুষ সবসময় সেভাবে পায়নি।
“যখনই যে ডিক্টেটর হয়ে এসেছে, সেই আইয়ুব খান থেকে শুরু করে পরবর্তীতে যাদের আমরা দেখেছি, প্রত্যেকেই স্থানীয় সরকারকে ব্যবহার করতে চেয়েছে। কিন্তু এদের ক্ষমতায়ন (স্থানীয় সরকার প্রতিষ্ঠান) করা, জনগণের সেবার এদের নিয়োজিত করার জন্য যে কাজগুলো করা দরকার- সে কাজগুলি কিন্তু করেনি।”
বিগত সামরিক সরকারগুলো সাধারণ মানুষের জন্য কাজ না করে নিজেদের ক্ষমতা সুরক্ষিত করতে কাজ করায় স্থানীয় সরকারের ক্ষমতায়নের জন্য ‘মাইন্ডসেট’ গড়ে ওঠেনি বলেও তিনি মন্তব্য করেন।
“আমরা যখন ধীরে ধীরে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে তাদের হাতে দেব, তারা যেন সেটা যথাযথভাবে চালাতে পারে। এটা নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে কর্মচারী-কর্মকর্তা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।”
জনগণের ক্ষমতায়ন ও অধিকতর অংশগ্রহণের লক্ষ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, “স্থানীয় সরকারকে যত বেশি শক্তিশালী করতে পারব, জনগণ তত বেশি সেবা পাবে।… শিক্ষা, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন কর্মসূচি আমরা সীমিত আকারে, মানে স্থানীয় সরকার পর্যায়ে কতটুকু দেয়া যেতে পারে; এভাবে হিসাব করে দিয়ে দিয়ে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করব।”
খাদ্য উৎপাদন বাড়াতে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “উত্তরবঙ্গে তরিতরকারি, গম ভুট্টা এগুলোতে আমরা গুরুত্ব দেব। একসময় গ্রেটার বরিশালকে বলা হতো বাংলাদেশের শষ্যভাণ্ডার। পরে এটা পরিবর্তন হয়ে যায়। আমরা কিন্তু আবার সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।”
শেখ হাসিনা বলেন, প্রতিটি বাড়িকে স্বাস্থ্যসম্মত স্যানিটেশ ব্যবস্থার আওতায় আনা এবং প্রত্যেক স্তরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করার কথাও সরকারের রূপকল্প ২০২১ এর মধ্যে রয়েছে। সব ক্ষেত্রেই সরকার ইতোমধ্যে ‘যথেষ্ঠ সাফল্য’ পেয়েছে।
“আমরা প্রত্যেকটা ইউনিয়নে তথ্যকেন্দ্র করে দিয়েছি। ভবিষ্যতে আমরা নামটাও পরিবর্তন করে দেব। কারণ এই সেবা কেন্দ্রের অনেক লম্বা নাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ডিজিটাল সেন্টার হিসেবে নাম দিয়ে দেব।”
স্থানীয় সরকার বিভাগের নির্মান করার বিভিন্ন সেতু নিয়ে বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “সেতু নির্মাণ হয়েছে ঠিকই, কিন্তু এমনভাবে হয়েছে যে অনেক নৌপথ বন্ধ হয়ে গেছে। নৌ চলাচলই করতে পারে না, পণ্য পরিবহন করা যায় না। অতিরিক্ত সেতু করার জন্য পলি পড়ে যায়, নাব্যতা হারায়।”
ঢাকা ঘিরে ‘ওয়াটারয়েজ’ করার যে পরিকল্পনা সরকারের আছে তা কয়েকটি সেতুর কারণেই ‘সম্ভব’ হচ্ছে না বলে প্রধানমন্ত্রী জানান।
এসব সেতু সংস্কার করে নৌযান চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন শেখ হাসিনা। কীভাবে এই সংস্কার করা হবে- সে বিষয়েও পরামর্শ তুলে ধরেন।
দারিদ্র বিমোচনে সমবায়কে শক্তিশালী করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমবায়ের মাধ্যমে কৃষকদের পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের উপায় বের করতে হবে। আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মস্ত্রণালয়ই দারিদ্র বিমোচনে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে।
এর আগে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
