রাস্তায় ভোগান্তি হবে না: কাদের
আগামী কয়েকদিনের মধ্যে সড়ক ও জনপথের সব রাস্তা সচল হবে, রাস্তার জন্য কোথাও মানুষের ভোগান্তি হবে না বলে আশ্বাস দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে গাজীপুরের মীরেরবাজারে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়ক পরিদর্শনে এসে একথা বলেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী ওই সড়কে খানাখন্দসহ নানা সংস্কার কাজে অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন। আগামী তিন দিনের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন সড়ক বিভাগের কর্মীদের।
তিনি বলেন, সড়ক সংস্কারে সড়ক ও জনপথের প্রকৌশলীরা দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
“শুধু দায়সারা গোছের কাজ করবেন না, দেশপ্রেমের মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে,” সড়ক ও জনপথের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন।
মন্ত্রী আরো বলেন, “আমাদের সব ইঞ্জিনিয়ার সত্য কথা বলেন না। তারা রাস্তার বাস্তব চিত্র জানান না। তাই আমি মাঝেমধ্যেই সরপ্রাইজ ভিজিট করি। সম্প্রতি সীতাকুণ্ডে মহাসড়ক পরিদর্শনে গিয়ে তার প্রমাণ পেয়েছি।”
ফুটপাথে দোকান-পাট উচ্ছেদের বিষয়ে মন্ত্রী বলেন, “ঈদের আগে ওই ঝুঁকিতে যাচ্ছি না। এখানে অনেক গরীব মানুষ আছে। উচ্ছেদের আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।”
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ময়মনসিংহ সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবুদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহিবুল হক, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান প্রমুখ।
