ভারতের নদী সংযোগ প্রকল্প নিয়ে উদ্বেগ সংসদীয় কমিটির
ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্পে নতুন করে অর্থ বরাদ্দ দেয়ায় উদ্বেগ জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এ বিষয়ে ভারতের কাছে বিস্তারিত জানতে চাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে তারা।
বুধবার সংসদ ভবনে বৈঠকের পর সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন সাংবাদিকদের বলেন, “নতুন করে এই প্রকল্পে বরাদ্দ দেয়া আমাদের জন্য উদ্বেগের বিষয়। এ বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছ থেকে তথ্য নেয়ার জন্য আমরা পানি সম্পদ মন্ত্রণালয়কে বলবো।”
১৯৯৮ সালে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট সরকার গঠনের পর প্রথম আন্তঃনদী সংযোগ প্রকল্প হাতে নেয় ভারত। পরে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের আমলে পরিবেশবাদীদের বিরোধিতার কারণে তা এগোয়নি। এরপর ২০১২ সালে ভারতের উচ্চ আদালত এ প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেয়।
সম্প্রতি নরেন্দ্র মোদির সরকার ভারতের কেন্দ্রীয় বাজেটে এ প্রকল্পে ১০০ কোটি রুপি বরাদ্দ দিয়েছে।
আন্তঃনদী সংযোগ প্রকল্পে বাংলাদেশ-ভারতের মধ্যে প্রবাহিত অভিন্ন নদীর পানি খাল খননের মাধ্যমে ভারতের শুষ্ক অঞ্চলে নিয়ে যাওয়া হবে। এর ফলে বাংলাদেশে পানির প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
নদী ডেজিং নিয়ে অসন্তোষ জানান সংসদীয় কমিটির সভাপতি রমেশ চন্দ্র।
তিনি বলেন, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন তারা। এসব এলাকায় নদী ড্রেজিংয়ের যেসব প্রকল্প রয়েছে তার অনেক জায়গায় ঠিকমতো কাজ হয়নি।
“এ কারণে এসব জেলায় লবণাক্ত পানি বেশি ঢুকছে। কমিটি গড়াই সেতুর ৩-৪ কিলোমিটার জায়গা নিয়মিত ড্রেজিংয়ের মধ্যে রাখতে বলেছে, যাতে পদ্মার পানির প্রবাহ ওইসব জেলায় ভালোভাবে থাকে,” বলেন তিনি।
নদী ড্রেজিংয়ের কাজ ঠিকমতো হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন, “আমাদের কিছু সমস্যা আছে। তাছাড়া বিগত দিনে বিএনপি-জামাতের অস্থিতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ঠিকমতো কাজ করা যায়নি।
“এছাড়া আমাদের অর্থের ঘাটতি রয়েছে। এজন্য বেশি প্রয়োজনীয় প্রকল্পের কাজ আগে শেষ করার সুপারিশ করা হয়েছে।”
ভারতের সঙ্গে সীমান্তবর্তী নদীতে এবছরের মধ্যে ২০ কিলোমিটার বাঁধ দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
এ প্রসঙ্গে কমিটির সভাপতি বলেন, “বর্ষায় ভারত থেকে পানির প্রবাহ বেড়ে যায়। এ কারণে ৪০ কিলোমিটার বাঁধ দিতে হবে। এবছর ২০ কিলোমিটার করার সুপারিশ হয়েছে।”
রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, তালুকদার আব্দুল খালেক, একেএম ফজলুল হক, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সেলিনা জাহান লিটা বৈঠকে অংশ নেন।
