সিরাজগঞ্জে বাঁধে ধস
সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনার পশ্চিম তীরের রিং বাঁধে ধস দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডে স্পার সংলগ্ন সাতশ’ মিটার দৈর্ঘ্যের ওই রিং বাঁধের প্রায় ৫০ মিটার অংশ বুধবার সকালে ঘূর্ণাবর্তের কারণে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এর আগে বার বার ভাঙরে স্পারটি ক্ষতিগ্রস্ত হতে শুরু করলে বেসরকারি প্রতিষ্ঠান এনায়েতপুর খাজা ইউনুস আলী (র.) মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে এ বাঁধটি নির্মাণ করে।
সরজমিনে দেখা যায়, বাঁধ ধসের কারণে মেডিকেল কলেজ ও হাসপাতালটি হুমকির মুখে পড়েছে। সেইসঙ্গে ভাঙনের হুমকিতে পড়েছে কয়েকশ তাঁত কারখানা ও ঘরবাড়ি।
এদিকে রিং বাঁধে ধসের কারণে পানির প্রবল স্রোতে স্পারের সলিড অংশের উপরিভাগে আগের সৃষ্ট ফাঁক আরো বাড়তে শুরু করেছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, “রিং বাঁধটি হাসপাতাল ও মেডিকেল কলেজের স্বার্থে কর্তৃপক্ষ নির্মাণ করেছে। তবে, এটির পাশে পানি উন্নয়ন বোর্ডের স্পার থাকায় ধস ঠেকাতে আমরা আপ্রাণ চেষ্টা করছি।”
ধসের স্থানে বালি ভর্তি জিও ব্যাগ ও বালির বস্তা নিক্ষেপ করা হচ্ছে বলেও জানান তিনি।
