দুদকের মামলায় বিটিসিএলের ৩ কর্মকর্তার জামিন
পৌনে ছয়শ’ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) তিন কর্মকর্তা জামিন পেয়েছেন।
বুধবার ঢাকা ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জাফরোল হাসান এই জামিন আদেশ দেন বলে আদালতের পেশকার ইমরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এর আগে আদালতে তিন আসামি আদালতে আত্মসমর্পণ করেন। আসামিদের পক্ষে আইনজীবী মুজিবুর রহমান জামিন আবেদন করলে শুনানি নিয়ে বিচারক তা মঞ্জুর করেন।
আসামিদের নামে বিটিসিএল-এর প্রাপ্য ৫৭৫ কোটি ৩৩ লাখ ৮২ হাজার ৯৭৫ টাকা ক্ষতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ রয়েছে।
দুদকের উপ-পরিচালক এস এম মাহিদুর রহমান গত বছরের ২৯ আগস্ট অভিযুক্তদের নামে রমনা থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে জানা যায়, ডিসেম্বর ২০১১ থেকে নভেম্বর ২০১২ পর্যন্ত এল এম এরিকসন বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তাদের সহায়তায় বিটিসিএলের অভিযুক্ত তিন কর্মকর্তা নিজেরা লাভবান হতে ২১১ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ৬৮ মিনিটের বৈদেশিক কল রেকর্ড মুছে ফেলেন।
