২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক না থাকায় ইজাহারের মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারকের পদ শূন্য থাকায় মুফতি ইজাহারুল ইসলামের বিরুদ্ধে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় করা মামলায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ হয়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 10:33 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলাটি শুনানির জন্য দিন নির্ধারিত ছিল।

গত সপ্তাহে এ আদালতের বিচারক এস এম মজিবুর রহমান অবসরে যাওয়ার পর মঙ্গলবার পর্যন্ত কাউকে নিয়োগ দেয়া হয়নি।

চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক না থাকায় মুফতি ইজাহার ও হারুণ ইজাহারের বিরুদ্ধে এসিড মামলার নির্ধারিত ‍সাক্ষ্যগ্রহণ হয়নি।

“আগামী ৫ অগাস্ট এ মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।”

পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, এ আদালতে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা চলমান। বিচারক না থাকায় সাক্ষ্যগ্রহণ হচ্ছে না।

সাবেক চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান দায়িত্বপালনকালে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ মামলার রায় দেন।

এ আদালতে মুফতি ইজাহারের বিরুদ্ধে মামলাসহ একাধিক আলোচিত মামলা বিচারাধীন আছে।

গত ২৫ জুন নগরীর লালখান বাজার মাদ্রায় বিস্ফোরণের ঘটনায় এসিড আইনের করা মামলায় হেফাজতে ইসলাম নেতা মুফতি ইজহারুল ইসলাম ও তার ছেলে হারুণ ইজাহারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

এরআগে গত ৫ জুন মুফতি ইজাহার ও তার ছেলে হারুণের বিরুদ্ধে এসিড মামলায় দেয়া পুলিশের অভিযোগপত্র আমলে নেন আদালত।

গত ২৮ মে মামলার তদন্তকারী কর্মকর্তা খুলশী থানার এসআই মো. লোকমান হোসেন এ মামলার অভিযোগপত্র চট্টগ্রাম মহানগর আদালতে জমা দেন।

এতে এসিড নিয়ন্ত্রণ আইনের ৩৬ ধারায় মুফতি ইজাহার ও হারুন ইজাহারকে অভিযোগপত্র ভুক্ত করা হয়। অভিযোগপত্রে ৩৪ জনকে সাক্ষী করা হয়।

হেফাজতে ইসলামের নায়েবে আমির ও লালখান বাজার মাদ্রাসার পরিচালক মুফতি ইজাহার পলাতক আছেন। তার ছেলে মুফতি হারুণ ইজাহার গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

গত বছরের ৭ অক্টোবর নগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণে আহত পাঁচজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ শুরুত এটিকে ল্যাপটপ বিস্ফোরণ বলে চালাতে চাইলেও ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে হাতবোমা, এসিডসহ বিস্ফোরকের মজুদ পায় পুলিশ।

এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও এসিড আইনে দুটি এবং একটি হত্যা মামলা করে।

গত ১০ ফেব্রুয়ারি বিস্ফোরক মামলায়ও মুফতি ইজাহার ও তার ছেলে হারুণসহ নয়জনকে অভিযুক্ত করে  অভিযোগপত্র দেয় পুলিশ। গত ৬ এপ্রিল এই মামলায় অভিযোগ গঠন করা হয়।

এছাড়া সম্পদ বিবরণীর মামলায়ও মুফতি ইজাহারের বিরুদ্ধে আদালতে অভিযোগ শেষে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।