গাজীপুরে ৩শ দোকান-বাজার উচ্ছেদ
গাজীপুর মহানগরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সাইনবোর্ড বাজার ও তিন শতাধিক দোকান উচ্ছেদ করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শুরু হয়ে নগরীর মালেকের বাড়ি ও সাইনবোর্ড বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে বিকাল ৪টা পর্যন্ত।
গাজীপুর ট্রাফিক (এএসপি) পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, ঈদে যানজট সহনীয় মাত্রায় নামিয়ে আনতে যোগাযোগ মন্ত্রীর নির্দেশে মহাসড়কে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
তিনি বলেন, এর আগেও বিভিন্ন সময় এ এলাকায় অভিযান চালিয়ে মাহসড়ক দখলমুক্ত করা হলেও আবার নেতাকর্মীদের নাম ভাঙিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী মহাসড়কে দোকান-বাজার বসিয়ে দেয়।
এসব দোকান-পাট বসায় মহাসড়কের বিস্তার কমে গিয়ে যানজট লেগেই থাকে।
তাই মহাসড়ক দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলে জানান এএসপি সাখাওয়াত।
সোমবার গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেন উন্নীতকরণের কাজ পরিদর্শনে এসে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের স্থানীয় প্রশাসনকে মহাসড়ক দখলমুক্ত করার নির্দেশ দিয়ে যান।
