২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা খুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্রলীগের ‘দুইপক্ষের কোন্দলের’ জেরে ছুরিকাঘাতে সংগঠনটির এক নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 06:26 PM

Updated : 11 Jul 2022, 09:18 PM

কোতয়ালি থানার ওসি সহিদুল ইসলাম জানান, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নাইমুল ইসলাম রিয়াদ (২৫) বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি ঢাকার সেগুন বাগিচা এলাকার ব্যবসায়ী তাজুল ইসলামের ছেলে রিয়াদ।

জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ অভিযোগ করেন, দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত ও সাধারণ সম্পাদক শামিমের নেতৃত্বে জিসানসহ ৫/৬ জন বহিরাগত নাইমুল ইসলাম রিয়াদের উপর হামলা করে।

তিনি বলেন, তাদের ছুরিকাঘাতে মারাত্মক জখম রিয়াদকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিয়াদের সহপাঠী নাজমুল হোসেন বলেন, গত ১৬ মে ছাত্রলীগের কমিটি গঠন হওয়ার একদিন পর রিয়াদসহ ১৬ জন ওই কমিটি থেকে পদত্যাগ করেন। রোববার ছিল ওই কমিটির ইফতার মাহফিল।

সেখানে অনুপস্থিত থাকা নিয়ে সৃষ্ট উত্তেজনার জেরে রিয়াদকে খুন করা হয় বলে দাবি করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সাত্তার বলেন, ছাত্রলীগকর্মীদের হাতে এক ছাত্র নিহত হয়েছে বলে শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংগঠন সক্রিয় নেই।

শিক্ষকদের সঙ্গে বসে এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে তিনি জানান।