‘সড়কে লেন বাড়িয়ে কী লাভ’
রাস্তা দখলে হতাশা প্রকাশ করে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দখল করে তা অন্য কাজে ব্যবহার করা হলে যতই লেন বাড়ানো হোক তাতে ফল আসবে না।
সোমবার দুপুরে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেন উন্নীতকরণ কাজ পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “দুদিন আগে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় গিয়ে দেখি, সেখানে চার লেন করেও মানুষ কোন ফল পাচ্ছে না। কারণ রাস্তায় যত্রতত্র বাস, ট্রাকসহ বিভিন্ন দোকান ও মালামাল রেখে দখল হয়ে আছে।
“রাস্তা যদি দখলই হয়ে যায়, তবে রাস্তা চার লেন, আট লেন বা বার লেন করেই কী লাভ?”
রাস্তা দখলমুক্ত করতে স্থানীয় প্রশাসনকে উচ্ছেদ অভিযান চালানোরও নির্দেশ দেন তিনি।
একইসঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা-চট্টগ্রাম, জয়দেবপুর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বাংলাদেশ সড়ক ও জনপথের রাস্তাগুলো সচল ও যান চলাচলের উপযোগী হবে এবং মানুষের দুর্ভোগ সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
তিনি জানান, যানজট নিরসনে ঈদের আগে তিন দিন এবং ঈদের পরে দুদিন খাদ্য-দ্রব্য, ওষুধ, জ্বালানি ও পোশাক শিল্প কারখানার পণ্যবাহী ছাড়া কাঠ, সিমেন্ট, রডসহ অন্যান্য ভারী পণ্যবাহী ট্রাক ও কভার্ডভ্যান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবহন নেতা ও শ্রমিকদের সহায়তা চেয়েছেন তিনি।
