২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

গোপালগঞ্জ সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 09:17 AM

Updated : 22 Aug 2022, 06:42 PM

নিহত আলামিন শেখ (২৮) মাদারীপুরের রাজৈর উপজেলার ইউনুছ শেখের ছেলে।

সদরের বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই আবু নাঈম জানান, রোববার সন্ধ্যায় সাতপাড় এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনায় আরো তিন জন আহত হয়েছেন।

তারা হলেন- মোটরসাইকেল আরোহী তুরফিন মোল্যা (২২), আরিফ শেখ (২০) ও নসিমন চালক আবদুল্লাহ শেখ (২৫)।

এসআই আবু নাঈম জানান, আলামিন মোটরসাইকেলে তুরফিন ও আরিফকে নিয়ে গোপালগঞ্জ থেকে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। সাতপাড় এলাকায় একটি ট্রাককে সাইড দেয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি নসিমনের সঙ্গে ধাক্কা খায়।

এ সময় আলামিন, তুরফিন, আরিফ শেখ ও নসিমন চালক আবদুল্লাহ আহত হন।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান আলামিন।