২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের বেতন-বোনাস সমস্যা মোকাবেলায় সভা

ঈদের আগেই গার্মেন্ট শ্রমিকদের বেতন, বোনাস ও ওভারটাইম পরিশোধে শিল্প সম্পর্কিত আঞ্চলিক ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 09:40 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা।

এতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ব্যবসায়ী সংগঠন বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবুসহ বিভিন্ন শ্রমিক সংগঠন, শিল্প পুলিশ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিক সংগঠনগুলেরা পক্ষ থেকে আগামী ২০ রমজানের মধ্যে চলতি মাসের বেতন, বোনাস ওভারটাইমের টাকা পরিশোধের দাবি জানানো হয়।

এ ব্যাপারে সেলিম ওসমান বলেন, এ বিষয়ে বিকেএমইএ ও বিজিএমইএ গার্মেন্ট মালিকদের সঙ্গে আলোচনা করে শ্রমিক সংগঠনের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

তিনি বলেন অনেক গার্মেন্ট মালিক মনে করেন, বেতন পেয়ে যদি শ্রমিকরা চলে যায়! আবার অনেক শ্রমিক অন্য কোনো প্রতিষ্ঠানে চলে যেতে পারে। সেক্ষেত্রে ২০ রমজান পর্যন্ত শ্রমিকদের বেতন পরিশোধ করা বা পুরো মাসের বেতন পরিশোধ করা যায় কিনা মালিকদের সঙ্গে বৈঠক করতে হবে। এ নিয়ে বিকেএমইএ ও বিজিএমইএ বৈঠক হতে পারে।

সভার আলোচনার বিষয়গুলো জানিয়ে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক জোটের সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা জানান, চলতি মাসের বেতন বোনাস ২০ রমজানের মধ্যে পরিশোধের বিষয় নিয়ে বিকেএমইএ সোমাবার বৈঠক করবে। বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরো বলেন, ফতুল্লায় বেশ কয়েকমাস ধরে শ্রমিকদের বেতন পরিশোধ করছে না র‌্যাডিকেল নামে এক কানাডিয়ার মালিকের গার্মেন্ট প্রতিষ্ঠান। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে।

ঈদের আগেই ওই প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে সন্তোষজনক কোনো ফলাফলের চেষ্টা করা হচ্ছে।

ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বিকেএমইএ এর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের আহবান জানান যাতে যার যার এলাকার শ্রমিক অসন্তোষ নিরসনে এগিয়ে আসেন।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আহম্মেদ বলেন, শ্রমিকদের বেতন পরিশোধের সময়কালীন আইনশৃঙ্খলা বাহিনী স্পর্শকাতর এলাকায় টহল দেবে।

এছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা তৎক্ষণিক শিল্প পুলিশকে অবহিত করতে অনুরোধ জানান তিনি।