২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডীয় পুলিশকে মাহমুদুরের নোটিশ

নাইকো দুর্নীতির ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে চাওয়ায় রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশকে উকিল নোটিশ দিয়েছেন কারাবন্দি মাহমুদুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 08:34 PM

Updated : 25 Apr 2022, 04:26 PM

বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুরের পক্ষে তার আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম রোববার এই নোটিস পাঠান।

ডিএইচএল ও বাংলাদেশে কানাডার দূতাবাসের মাধ্যমে এই নোটিস পাঠানো হয়।

নোটিশে নাইকো তদন্তে মাহমুদুরের সঙ্গে দেখা করতে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে কিনা, তা জানাতে নোটিশ পাওয়া থেকে দুই সপ্তাহ সময় দেয়া হয় আরসিএমপিকে। তা নাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরসিএমপি ইতিমধ্যে মাহমুদুরের বিরুদ্ধে গোপনে অভিযোগ গঠন করেছে কি-না, তাও জানতে চাওয়া হয়।

তাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দৈনিক ডেইলি স্টার তাদের প্রতিবেদনে বলেছে, আরসিএমপি মাহমুদুরকে ‘কুইজ’ বা ‘ইন্টারোগেট’ করতে চায়। আমরা আসলে জানি না, কানাডিয়ান পুলিশ ইন্টারোগেট করতে চেয়েছে কিনা, নাকি তার সঙ্গে আলোচনা করতে চেয়েছে।

“বিষয়টি জানিয়ে রাখার জন্য আমরা পত্রিকাটিকেও নোটিশ দিলাম। কানাডিয়ান পুলিশ যদি বলে তারা এই শব্দ ব্যবহার করে নাই, তাহলে আমরা এই পত্রিকার বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করবো।”

নোটিশে বলা হয়, এই দুটি শব্দের প্রতিই মাহমুদুর রহমানের আপত্তি। এগুলো পাঠকের কাছে ভুল বার্তা বহন করে নিয়ে যায়। তার ব্যক্তিগত সুনাম ও ইমেজ ক্ষুণ্ন করতে এটা করা হয়েছে।

“এ বিষয়ে আমরা দেশের এবং দেশের বাইরে ক্ষতিপূরণ মামলার বিষয়টি বিবেচনা করছি।”

কানাডার পুলিশ কয়েক মাস আগে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে একটি চিঠি পাঠায়, তাতে সাবেক চারদলীয় জোট সরকারের শীর্ষ তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে চাওয়া হয়।

তারা হলেন- সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ও খালেদা জিয়ার সাবেক জ্বালানি বিষয়ক উপদেষ্টা মাহমুদুর রহমান।

ওই চিঠিতে বলা হয়, কানাডীয় প্রতিষ্ঠান নাইকো রিসোর্সেসের ‘দুর্নীতির’ বিষয়ে তারা তদন্ত করছে। তাই তারা ওই সময়কার দায়িত্বশীল তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে চায়।

যে সময়ের ঘটনায় দুদকের মামলাটি হয়েছে, তখন মোর্শেদ খান ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। তখনকার প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা মাহমুদুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন।

দুদক কমিশনার এম সাহাবুদ্দিন গত ৮ জুলাই সাংবাদিকদের বলেন, কানাডার পুলিশকে আইনগত সহযোগিতা দিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাদের অনুরোধ জানানো হয়েছে। দুদক তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করবে।

২০০৫ সাল থেকে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ নাইকোর দুর্নীতির বিষয়টি তদন্ত করছে উল্লেখ করে সাহাবুদ্দিন বলেন, “কানাডীয় পুলিশ দুর্নীতিতে তাদের দেশের সিনেটর ম্যাক হার্বের সংশ্লিষ্টতা পেয়েছে। তাদের বক্তব্য, ম্যাক হার্ব বিএনপির এই তিন নেতার সঙ্গে ঘুষ লেনদেন সম্পর্কিত আলোচনা করেছিলেন।”

কানাডীয় খনিজ সম্পদ অনুসন্ধানকারী কোম্পানি নাইকোকে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ পাইয়ে দেয়ার অভিযোগে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে খালেদার বিরুদ্ধে এই মামলা হয়।

দুদকের সহকারী পরিচালক মুহম্মদ মাহবুবুল আলমের করা এই মামলার এজাহারে বলা হয়, নাইকোর সঙ্গে তেল-গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে আসামিরা রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতি করেছেন।

একই সময়ে শেখ হাসিনার বিরুদ্ধেও নাইকোকে কাজ দেয়ায় দুর্নীতির অভিযোগে আরেকটি মামলা হয়েছিল। তা ২০১০ সালে হাই কোর্ট বাতিল করে দেয়। তবে খালেদার মামলাটি এখনো রয়েছে।