২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুটির পরিচয় ‘মিলেছে’

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় নিহত নারীর দুবছর বয়সী মেয়ের বাবা বলে দাবি করেছেন এক ব্যক্তি।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 08:33 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

রোববার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় আসা এ ব্যক্তি হলেন উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের বেড়া মালঞ্চা গ্রামের গোলাম মোস্তফা গুলশান।

একইসঙ্গে নিহত গৃহবধূর বাবা অর্থাৎ শিশুটির নানা বলে নিজেকে দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জের আবুল কালাম আজাদ।

তবে, যথেষ্ট প্রমাণ ছাড়া পুলিশ কারো হাতে মেয়েটিকে হস্তান্তর করবে না বলে জানিয়ে দিয়েছে।

গত ৫ জুলাই দুর্ঘটনায় মেয়েটির মা মারা যান এবং শিশুটির পা ভেঙে যায়। তারপর থেকে মেয়েটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

এ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, গোলাম মোস্তফা ওরফে গুলশান তাদেরকে জানান- আহত মেয়েটির নাম সুইটি ওরফে শিখা। ট্রাক চাপায় নিহত ওই মহিলা হলেন তার স্ত্রী, যার নাম রাজিয়া বেগম ওরফে মুন্নি।

এসআই মালেক আরো জানান, পুলিশকে গুলশান আরো জানান- ঘটনার দিন তার (গোলাম মোস্তফা গুলশান) সঙ্গে স্ত্রীর কথা কাটাকাটি হয়। এতে মুন্নি তার সঙ্গে অভিমান করে মেয়েকে নিয়ে বাবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।

কিন্তু পরবর্তীতে এ বিষয়টি নিয়ে তিনি আর কোনো খোঁজ খবর করেননি বলে জানান।

নিহত গৃহবধূর বাবা বলে দাবিদার চাঁপাইনবাবগঞ্জের আবুল কালাম আজাদ জানান, শনিবার বিকালে তিনি স্ত্রী বিউটি বেগমসহ মেয়ের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ বেড়াতে আসেন।

কিন্তু মেয়ে আর নাতনিকে দেখতে না পেয়ে জামাইকে জিজেজ্ঞস করলে তিনি জানান- গত ৫ জুলাই অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি।

একথায় দুর্ঘটনার সন্দেহ হলে রোববার দুপুরে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করতে এসে ছবি দেখে মেয়ে ও নাতনিকে সনাক্ত করেন তারা দুজন।

এসআই মালেক জানান, গৃহবধূর স্বামী ও বাবার দাবিদারদের নিহত ওই মহিলার ভোটার আইডি কার্ড আনতে বলা হয়েছে।

তাদের দাবির পক্ষে প্রমাণ পাওয়া গেলে শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এসআই মালেক।

শিশুটির বাবার দাবিদার গোলাম মোস্তফা ও নানির দাবিদার বিউটি বেগমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।   

গত ৫ জুলাই (শনিবার) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের (কাটাখালি ব্রিজ সংলগ্ন) হাওয়াখানা এলাকায় ট্রাক চাপায় ঘটনাস্থলেই অজ্ঞাত ওই পরিচয় মহিলা নিহত এবং তার কোলের শিশুটি আহত হয়।

পরদিন (৬ জুলাই) বিকালে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়।

দুই ভাঙা পা নিয়ে শিশুটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের ১৯ নম্বর বেডে চিকিৎসাধীন আছে।

পুরনো খবর:

থামছে না মা-হারা শিশুটির কান্না