২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শতবর্ষী গাছ কাটায় জড়িতদের বিরুদ্ধে মামলার সুপারিশ

চট্টগ্রাম রেলওয়ের শতবর্ষী গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে বন আইনে মামলা দায়েরের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 08:01 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

পুরনো খবর:

চট্টগ্রামে শতবর্ষী বৃক্ষ নিধন, দেখার কেউ নেই

একইসঙ্গে প্রত্যেক জেলায় পরিবেশ আদালত চালু করার পদক্ষেপ নিতে সরকারকে পরামর্শ দেয়া হয়েছে।

রোববার সংসদ ভবনে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।

গত ১৬ এপ্রিল চট্টগ্রামের টাইগারপাস মোড় থেকে আকবর শাহ মাজার পর্যন্ত এলাকায় প্রায় ৩৮টি গাছ কাটা হয়। এর মধ্যে রেইন ট্রি ও বটসহ চারটি শতবর্ষী গাছও ছিল।

ওই ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী-২ তরুণ কান্তি বালাকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী আমীর হোসেন খান চারজনকে আসামি করে নগরীর খুলশী থানায় একটি মামলা দায়ের করেন।

সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, “কমিটির গত বৈঠকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। বন বিভাগ এ বিষয়ে তদন্ত করছে। কিছু কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। যে বা যারাই জড়িত থাকুক না কেন, আগামী ৭ দিনের মধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে বলা হয়েছে।”  

তিনি জানান, ২০১০ সালে পরিবেশ আদালত আইন প্রণয়ন করা হলেও এখন পর্যন্ত ১৮টি জেলায় এ আদালত গঠন করা হয়েছে। কমিটি বাকি জেলাগুলোয় পরিবেশ আদালত গঠনের ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সুপারিশ করেছে।

“পরিবেশ মন্ত্রণালয় বলেছে, তারা আইন মন্ত্রণালয়ে এর আগে চিঠি পাঠালেও ব্যবস্থা নেয়া হয়নি। কমিটি আবারও চিঠি পাঠাতে বলেছে।”

এদিকে আগামী অক্টোবর মাসের আগে ইট প্রস্তুত আইন অনুযায়ী ইট ভাটা তৈরির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করার সুপারিশ করেছে কমিটি।

সভাপতি বলেন, “এখন পর‌্যন্ত ৩৫ শতাংশ ইট ‘ভাটা আইন’ অনুযায়ী তৈরি হচ্ছে। আগামী অক্টোবর থেকে ইট পোড়ানোর মৌসুম শুরু হবে। এর আগেই গণবিজ্ঞপ্তি জারি করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার আহ্বান জানয়েছে কমিটি।”

কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিলে ৭০ শতাংশ ইটভাটা ‘উন্নতমানের’ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হাছান মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে কমিটির সদস্য নবী নেওয়াজ, মোহাম্মদ গোলাম রব্বানী, মো. ইয়াহ্ইয়া চৌধুরী ও টিপু সুলতান বৈঠকে অংশ নেন।