২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাস খাদে, নিহত ৪

মাদারীপুরে সুগন্ধা পরিবহনের একটি বাস সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 02:20 PM

Updated : 22 Aug 2022, 08:37 PM

রোববার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটকচরে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম প্রথমে ছয় জনের মৃতুর খবর জানালেও পরে তথ্য সংশোধন করেন।

তিনি বলেন, “প্রথমে ছয়জন নিহত হয়েছে বলেছিলাম। ওই তথ্য একটু মিসটেক হয়ে গেছে।”

পুলিশ সুপার জানান, বরগুনা থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকা যাচ্ছিল। বেলা দেড়টার দিকে ঘটকচর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি চাম্বল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।

এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহতদের মাদারীপুর সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান আরো দুইজন। 

নিহতদের মধ্য ভানু ঘোষ (৫০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। মাদারীপুরের বাজিতপুর গ্রামের বাসিন্দা ভানু পরিবহন ব্যবসায় জড়িত ছিলেন। বাকি তিনজনের পরিচয় পুলিশ জানাতে পারেনি।

দুর্ঘটনায় আহত ২৫ জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে বলে হাসপাতালের আবাসিক চিকিৎসক সিদ্দিকুর রহমান জানিয়েছেন। গুরুতর আহত আরো ১০ জনকে ফরিদপুর ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ ও পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।