পাঁচবিবি সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের সদস্যরা দুই বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি।
জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রাজ্জাক তরফদার জানান, রোববার ভোর ৪টার দিকে হাটখোলার উচনা-সোনাতলা গ্রামের সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে গরু আনার সময় বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।
এরা হলেন- উচনা গ্রামের আলম হোসেন ও শ্রীমন্তপুর গ্রামের শফিকুল ইসলাম।
বিজিবি কর্মকর্তা রাজ্জাক জানান, দুই বাংলাদেশিকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের প্রস্তাব দেয়া হয়েছে। তবে রোববার দুপুর পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
