২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

ময়মনসিংহ শহরে নিজের বাড়িতে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা ও তার স্ত্রী খুন হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 09:32 AM

Updated : 22 Aug 2022, 06:42 PM

নিহত আবদুল হক ও তার স্ত্রী রায়হাতুননেছা শহরের আকুয়া গরুর খোয়ার এলাকার বাসিন্দা। ডাকবিভাগের সাবেক কর্মী হক ময়মনসিংহের পোস্টমাস্টার ছিলেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘর থেকে তাদের গলাকাটা লাশ উদ্ধার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি আবু মো. ফজলুল করিম জানিয়েছেন।

ঘটনার পরপর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আটক গোলাম মোস্তফাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে বলে ওসি ফজলুল জানিয়েছেন।

তিনি বলেন, রাত ১১টার দিকে দুর্বৃত্তরা আবদুল হকের বাসায় ঢুকে তাকে ও তার স্ত্রীকে দা দিয়ে গলাকেটে হত্যা করে।

হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে যাওয়ার সময় ঘটনা টের পেয়ে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় হত্যাকারী সন্দেহে মোস্তফাকে ধরে মারধরের পর পুলিশে সোপর্দ করে তারা।

ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা ফজলুল করিম জানান।

পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।