২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বিদ্যুৎ অফিসে ভাংচুর

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নিয়মিত বিদ্যুৎ সরবরাহ না থাকায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর চালিয়েছে স্থানীয় স্কুল ছাত্ররা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 10:12 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শনিবার এ হামলা চলাকালে কেউ আহত হয়নি বলে স্থানীয়রা জানান।

এলাকাবাসী জানান, গত কয়েকমাস ধরে দিনে-রাতে দুতিন ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যায় না এখানে। তার উপর গত তিনদিন ধরে একটানা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোজাদারসহ সর্বস্তরের মানুষ।

এছাড়া বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা।

এর জের ধরে দুপুরে শতাধিক বিক্ষুদ্ধ শিক্ষার্থী পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে হামলা চালিয়ে বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে। এসময় সমিতির কর্তকর্তা-কর্মচারীরা অফিস থেকে চলে যান।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অষ্টগ্রাম থানার ওসি চৌধুরী মিজানুজ্জামান জানান, অষ্টগ্রামে এমনিতেই বিদ্যুৎ সরবরাহে ঘাটতি থাকে। এর উপর আবার গত তিন দিন ধরে একটানা বিদ্যুৎ বন্ধ রয়েছে। এ কারণেই ক্ষুব্ধ হয়ে ছাত্ররা হামলা চালিয়েছে।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মনির উদ্দিন হামলার ঘটনা স্বীকার করে জানান, হাওরে প্রবল ঢেউয়ের কারণে গত কয়েকদিনে তিনটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। দ্রুত সমস্যা সমাধানে কাজ অব্যাহত রয়েছে। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হবে।