২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ কর্মকর্তার মেয়েকে ‘অপহরণ’

গাইবান্ধার সাদুল্লাপুর থানার এক সহকারী উপপরিদর্শকের মেয়েকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় নারীসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 08:44 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, শনিবার সকালে সাদুল্লপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করা হয়।

এ ঘটনায় মেয়েটির বাবা ও ওই থানার এএসআই অপহরণের মামলা করলে বিকালে মহিলাসহ পাঁচ জনকে আটক করা হয়।

ওসি জিয়া আরো জানান, সকালে প্রাইভেট পড়ার জন্য মেয়েটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সাহাপাড়ার ভাড়া বাসা থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এরা হলেন উপজেলার জামালপুর ইউনিয়নের কামারপাড়ার কালিপদ চন্দ্র জুগু (৫৫), তার স্ত্রী অঞ্জলী রানি (৫০), মেয়ে এ্যামি রানি (১৮), বনগ্রাম ইউনিয়নের পাঠানোছা গ্রামের মধু মিয়ার ছেলে আব্দুল কাফি (২২) ও খোদ্দর্ পাঠানোছা গ্রামের একরামুল হোসেনের ছেলে আলমগীর হোসেন (২৮)।

মেয়েটির বাবা (নাম প্রকাশ করা হলো না) অভিযোগ করেন, সকাল ৮টার দিকে তার মেয়ে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়। পথে সাদুল্লাপুর ডিগ্রি কলেজ রোড এলাকা থেকে উপজেলা শহরতলীর কামাপাড়া গ্রামের কালিপদ চন্দ্র জুগুর ছেলে রিপন চন্দ্র (২২) ও তার কয়েকজন বখাটে সহযোগীদের নিয়ে ওই মেয়েকে অপহরণ করে।

তিনি জানান, এর আগে একাধিকবার বখাটে রিপন তার মেয়েকে স্কুল ও প্রাইভেট পড়তে যাওয়ার পথে উত্ত্যক্ত করেছে।